অসুস্থ শিশু সন্তানের বুকে হাত রেখে শুয়ে আছেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৭২৮ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ৬ জন ঢাকা এবং ২ জন সিলেটের বাসিন্দা।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে (১৫৩ দিনে) হামের উপসর্গে মারা গেছে ৮০৩ শিশু। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। এ পর্যন্ত মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টা ভর্তি হওয়া ৭০০ জনসহ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন।
অপরদিকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশু।
নতুন সুস্থ হওয়া ৫৪৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।