× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনে কী কী থাকবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২২:৫৩ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২২:৫৭ পিএম

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। ছবি: বাসস

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। ছবি: বাসস

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। এজন্য নির্মিত নতুন ভবনটি শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ হাজার।

সরেজমিনে শুক্রবার হাসপাতালের নবনির্মিত ভবন ঘুরে দেখা গেছে, তিনটি বেজমেন্টসহ ১৫তলা ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে। ভবনটিতে সম্পূর্ণ সেন্ট্রাল এসির ব্যবস্থা রয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে।

নিনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনের নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি সার্ভিস সেকশন রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি) ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। ভবনটিতে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

২৪ ঘণ্টার ট্রমা ইউনিট 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনা, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা যানবাহন দুর্ঘটনায় আহতদের জন্য ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধাসহ ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট রয়েছে। চারটি ওটির মধ্যে দুটি মডুলার ওটি। জার্মান প্রযুক্তির এসব ওটিতে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। কর্মকর্তাদের দাবি, এতে অস্ত্রোপচার হওয়া রোগীদের সংক্রমণের ঝুঁকি থাকবে না। ভবনটি চালু হলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।

রোগী স্থানান্তরের ঝুঁকি কমাতে নতুন ভবনের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে রোগী স্থানান্তরের জন্য এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটর (চলন্ত সিঁড়ি) রয়েছে। এ ছাড়া রয়েছে ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) এবং ৬২টি ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র)। ভবনটিতে একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন বসানো হয়েছে। রয়েছে অত্যাধুনিক অটোক্লেভ মেশিন, চিকিৎসা বর্জ্য অপসারণে সলিড ওয়েস্ট ডিজপোজাল সিস্টেম এবং পৃথক অক্সিজেন প্ল্যান্ট।

স্ট্রোকের রোগী বেশি

হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এরপর দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীর সংখ্যা বেশি। এ ছাড়া পারকিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে চিকিৎসাসেবা নেন। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী রোগীর নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা এখানে দেওয়া হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার নতুন ভবনটির উদ্বোধন করবেন। ভবনটি চালু হলে হাসপাতালে আরও ৫০০ শয্যা যুক্ত হবে।

তিনি বলেন, বর্তমানে শয্যা-সংকটের কারণে অনেক রোগীকে বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হয়। কারণ, এখানে নির্ধারিত শয্যার বাইরে কোনো রোগী ভর্তি করা হয় না। নতুন ভবন চালু হলে আরও অনেক রোগীকে বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে এবং রোগী ফেরত দিতে হবে না।

অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন। এটি তাদের জন্য বড় পাওয়া ও গর্বের বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা