প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২০:৫০ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৮৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গত ১৩ আগস্ট সকাল ৮টা থেকে আজ ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে ৪ জন মারা গেছেন, তারা সবাই সন্দেহভাজন হাম রোগী ছিলেন। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিভাগ ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট বিভাগে সর্বোচ্চ ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলা ভিত্তিক হিসেবে সিলেট, সুনামগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম জেলায় একজন করে মোট ৪ জন মারা গেছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জনে। এর মধ্যে ১৭ হাজার ৭৩০ জনের ক্ষেত্রে হামের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি হামে আক্রান্ত হয়ে মোট ৯৯ জন নিশ্চিতভাবে মারা গেছেন। তবে এই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর মোট সংখ্যা ৭৯৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।