× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনিক কর্মকর্তার বদলি ঘিরে ঢামেকে উত্তেজনা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৭:০৩ পিএম

চিকিৎসকদের একটি অংশ ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে অবস্থান নিয়ে পরিচালকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিকিৎসকদের একটি অংশ ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে অবস্থান নিয়ে পরিচালকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রশাসনিক কর্মকর্তার বদলি ও যোগদানকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

চিকিৎসকদের একটি অংশ ও শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে অবস্থান নিয়ে পরিচালকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

একই সময়ে মারধরের অভিযোগে এক কর্মচারীর বিচারের দাবিতে অবস্থান নেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

জানা গেছে, ঢামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। একই সঙ্গে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হককে ঢামেকে পদায়ন করা হয়। তবে ঢামেক হাসপাতালের পরিচালক মোজাম্মেল হককে কাজে যোগ দিতে বাধা দিয়েছেন- এমন অভিযোগ ওঠার পর চিকিৎসকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে।

চিকিৎসকদের ওই পক্ষ মোজাম্মেল হককে কাজে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে কয়েক দফা বৈঠক করে।

গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেজাউল ইসলামকে ছাড়পত্র (মুভআউট) দেওয়া হলেও পরদিন সোমবার আকস্মিকভাবে তার বদলির প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা আরও বাড়ে।

এর মধ্যে সোমবার চিকিৎসকদের একটি পক্ষ রেজাউল ইসলামের কক্ষে তালা দিতে গেলে হানিফ নামে এক তৃতীয় শ্রেণির কর্মচারীর কাছে তালা চান।

কর্মচারীদের অভিযোগ, এ সময় চিকিৎসকদের কয়েকজন হানিফকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং পরিচালকের কাছে মৌখিকভাবে বিচার দাবি করেন।

মঙ্গলবার দুপুরে হানিফকে মারধরের অভিযোগের বিচার চেয়ে লিখিত স্মারকলিপি দিতে পরিচালকের কক্ষে যান কর্মচারীরা। একই সময়ে পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে পরিচালকের কক্ষের ভেতরে চিকিৎসকরা অবস্থান নেন এবং বাইরে অবস্থান নেন কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।

ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোয়াজ্জিম বলেন, “আমাদের সহকর্মী মো. হানিফকে মারধরের ঘটনায় আমরা পরিচালকের কাছে স্মারকলিপি দিতে এসেছিলাম। কিন্তু চিকিৎসকরা ভেতরে অবস্থান নেওয়ায় তা এখনো দেওয়া সম্ভব হয়নি। আমাদের কর্মচারীর গায়ে কেন হাত তোলা হলো, আমরা এর সুষ্ঠু বিচার চাই”।


অন্যদিকে, চিকিৎসকদের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

তার দাবি, পরিচালক কর্মচারীদের দিয়ে দুর্নীতি করাতেন। বদলির পরও তিনি মন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রভাব খাটিয়ে বদলি বাতিল করিয়েছেন।

ডা. সাইফুল আলম বাদশা বলেন, “এর ব্যাখ্যা চাইতেই আমরা পরিচালকের কক্ষে এসেছিলাম। উল্টো তিনি চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছেন”।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রেও পরিচালক বাধা সৃষ্টি করেছিলেন।

তার ভাষায়, “তিনি প্রকৃত স্বৈরাচারের দোসর। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে”।

তবে এসব অভিযোগের বিষয়ে পরিচালকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “ঢামেকে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ অসন্তোষের সৃষ্টি হয়েছে”।

তিনি বলেন, “সার্বিক বিষয়টি নিরসনে আজ বিকেলের দিকে সচিবালয়ে উভয় পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসব। আশা করছি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা