বাসস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৭:৪৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৮:১১ পিএম
অস্ত্রোপচারে শুক্রবার মিলন বেগমের পেট থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়। ছবি: বাসস
চাঁদপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকেরা।
প্রায় দুই ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের মেরিন হাসপাতালে টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল।
অস্ত্রোপচার করা ওই রোগীর নাম মিলন বেগম। তিনি চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া এলাকার কাজীবাড়ির বাসিন্দা এবং পাঁচ সন্তানের মা।
রোগীর স্বজনেরা জানান, কয়েক মাস আগে মিলন বেগমের পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পাশাপাশি খাবারে অরুচি ও খাওয়ার পর অস্বস্তি দেখা দেয়। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে পেটের আকার অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকৃতির একটি টিউমার বা ওভারিয়ান সিস্টের উপস্থিতি ধরা পড়ে।
মেরিন হাসপাতালের থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসানের পরামর্শে আলট্রাসনোগ্রাম করানো হলে টিউমারটির বিষয়টি ধরা পড়ে। পরে ইবনে সিনা মেডিক্যাল সেন্টারে সিটি স্ক্যান করানো হয়। ওই প্রতিবেদনে টিউমারটির আনুমানিক ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি উল্লেখ করা হয়।
এদিকে টিউমারটির আকার বড় হওয়ায় রোগীর স্বজনেরা কুমিল্লার একজন গাইনি অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। সেখানেও দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। তবে টিউমারটি বড় হওয়ায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হতে পারে বলে চিকিৎসকেরা জানান।
পরে চাঁদপুরের মেরিন হাসপাতালে সার্জন ও সহকারী অধ্যাপক ডা. এইচ এম হাসান ইমাম সানীর পরামর্শ নেন মিলন বেগম। সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ও রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য গঠন করা হয় একটি বিশেষ চিকিৎসক দল।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া অস্ত্রোপচার প্রায় দুই ঘণ্টা পর সফলভাবে শেষ হয়। অস্ত্রোপচারের পর টিউমারটি ওজন করে দেখা যায়, এর ওজন ৬ কেজি ৪৫০ গ্রাম। আকারে এটি প্রায় ফুটবলের সমান ছিল বলে চিকিৎসকেরা জানান।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সার্জন ও সহকারী অধ্যাপক ডা. এইচ এম হাসান ইমাম সানী বলেন, “এত বড় আকারের টিউমার বিরল। রোগী একজন বয়স্ক নারী এবং দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। মানবিক দিক বিবেচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়”।
তিনি বলেন, “এ ধরনের বড় টিউমার অপসারণে নানা ধরনের ঝুঁকি থাকে। তবে চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে”।
জেনারেল সার্জন ও ল্যাপারোস্কপিক কনসালটেন্ট ডা. মো. হাসান জুলকার নাইন বলেন, “অস্ত্রোপচারের আগে টিউমারটির অবস্থান ও আকারসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়েছে। টিউমারটি বড় হওয়ায় আশপাশের রক্তনালি, কিডনি, অন্ত্র কিংবা অন্য গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর চাপ সৃষ্টি বা সেগুলোর সঙ্গে লেগে থাকার আশঙ্কা ছিল। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন”।
অস্ত্রোপচার দলে আরও ছিলেন অ্যানেসথেশিয়া কনসালটেন্ট ডা. আরিফুর রহমান কিরণ, মেডিসিন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডা. সাইফ জামান এবং মেরিন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মনিষা জামান মীমসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, “নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, সেবার মানসিকতা নিয়েই হাসপাতাল পরিচালনা করতে চান তারা”।
তিনি বলেন, “এত বড় ও জটিল অস্ত্রোপচার চাঁদপুরে না করার পরামর্শ অনেকেই দিয়েছিলেন। তবে রোগীর স্বজনেরা চাঁদপুরেই অস্ত্রোপচার করানোর বিষয়ে অনড় ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে”।