বাসস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:০৬ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩৪ হাজার ৭১৪টি পদে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এসব শূন্য পদ দ্রুত পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।
এসব পদ দেশের বিভাগীয় কার্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।