× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামে আক্রান্ত প্রতি ১০ পরিবারের ৯টিই চিকিৎসা ব্যয় মেটাতে নিয়েছে ঋণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৬:২১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অধিকাংশ পরিবার ঋণের বোঝায় পড়ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) যৌথ জরিপে দেখা গেছে, হামে আক্রান্ত প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টি (৮৯ শতাংশ) চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে। এ ছাড়া ৬১ শতাংশ পরিবার নিজেদের সঞ্চয় শেষ করেছে।

বিডিআরসিএস জরিপের এসব তথ্য সোমবার এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত।

এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী সব পরিবারই আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ পরিবার ওষুধকে সবচেয়ে জরুরি সহায়তা হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া ৩৩ শতাংশ পরিবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং ২২ শতাংশ খাদ্য সহায়তাকে অগ্রাধিকার দিয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৪ শতাংশ পরিবার চিকিৎসার ব্যয় মেটাতে সম্পদ বিক্রি করেছে এবং প্রায় ৩ শতাংশ অনুদানের ওপর নির্ভর করেছে।

দেশের ১২টি সরকারি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর এই মূল্যায়ন পরিচালনা করা হয়।

জরিপের উদ্দেশ্য ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারকে জরুরি নগদ সহায়তা (প্রতি পরিবার ১০ হাজার টাকা) প্রদানের জন্য নির্বাচন এবং হামের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা। নির্ধারিত ঝুঁকির মানদণ্ড অনুযায়ী ২ হাজার ৪০০ পরিবারকে সহায়তার জন্য নির্বাচন করা হয়েছে।

জরিপে অংশ নেওয়া রোগীদের মধ্যে ৭৫ শতাংশের বয়স ছিল চার বছরের নিচে, ১৯ শতাংশের বয়স ৫ থেকে ১৭ বছর এবং ৬ শতাংশের বয়স ১৮ বছরের বেশি।

জরিপ অনুযায়ী, চিকিৎসা ও সংশ্লিষ্ট ব্যয়ে প্রতিটি পরিবার গড়ে ১৬ হাজার টাকা খরচ করেছে। অনেক অভিভাবক জানিয়েছেন, দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হওয়ায় তাদের আয় বন্ধ হয়েছে, এমনকি কেউ কেউ চাকরিও হারিয়েছেন।

রংপুরের হাজেরা খাতুন জানান, ১১ মাস বয়সী মেয়ের চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তাদের পরিবারের ৭০ হাজার টাকার বেশি ব্যয় হয়েছে।

তিনি বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে হলেও যাতায়াত, খাবার, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য খাতে বড় অঙ্কের ব্যয় করতে হয়েছে। এ জন্য আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিতে হয়েছে”।

জরিপে আরও দেখা যায়, পেশাগত তথ্য দেওয়া পরিবারগুলোর ৭৮ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তাদের মাসিক আয় ৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। ফলে দীর্ঘ সময় কর্মবিরতি তাদের জন্য বড় আর্থিক সংকট তৈরি করছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম এনডিসি বলেন, “এই মূল্যায়ন দেখিয়েছে যে অনেক পরিবার স্বাস্থ্য সংকটের পাশাপাশি গুরুতর আর্থিক সংকটেরও মুখোমুখি হয়েছে। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ সহায়তার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে”।

বাংলাদেশে আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা বলেন, “হামের প্রভাব শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ নয়; এটি বহু পরিবারকে আর্থিক সংকটে ফেলছে। তাই জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা এবং শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি”।

বিডিআরসিএস জানিয়েছে, আইএফআরসি ও সহযোগী সংস্থাগুলোর সহায়তায় তারা সরকারের দেশব্যাপী হাম টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। পাশাপাশি এক হাজারের বেশি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রমে সহায়তা এবং মানুষকে দ্রুত চিকিৎসা ও টিকা গ্রহণে উৎসাহিত করতে কাজ করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা