এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়েছে কর্মক্ষম মানুষ। ছবি: সংগৃহীত
নগরকেন্দ্রিক ও বর্ষা মৌসুমের রোগ ছিল ডেঙ্গু জ্বর। সময়ের পরিক্রমায় এডিস মশাবাহিত এ রোগটি এখন আর নির্দিষ্ট কোনো অঞ্চল বা ঋতুতে সীমাবদ্ধ নেই। কয়েক বছর ধরে সারা বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দেশের মানুষের কাছেও আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এ রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়েছে কর্মক্ষম মানুষ।
গত ১ জানুয়ারি থেকে রবিবার ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১০৪ জন (পুরুষ ৯,৮৮৬ ও নারী ৬,২১৩ জন) ও মারা গেছেন ৫৬ জন (পুরুষ ২১ জন ও নারী ৩৫ জন)। এর মধ্যে আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে ১৬ থেকে ৪০ বছর বয়সী মানুষের অর্থাৎ কর্মক্ষম ব্যক্তির। ১৬ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ১৬-২০ বছরের ২, ২১-২৫ বছরের ৪ ও ২৬-৩০ বছরের ৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ। আর ১৬ থেকে ৬০ বছর বয়সী (সামগ্রিক কর্মক্ষম) মোট ৪৩ জন মারা গেছে, যা মোট মৃত্যুর প্রায় ৭৬ দশমিক ৮ শতাংশ।
পরিসংখ্যান বলছেÑ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে শীর্ষে আছে ২৬ থেকে ৩০ বছর বয়সীরা, যার সংখ্যা ২,১৯৫। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ২১-২৫ বছর (২,১৬৭ জন) ও ১৬-২০ বছর (২,১৩৫ জন) বয়সী। অর্থাৎ আক্রান্তের একটি বড় অংশই (প্রায় ৪০ শতাংশ) ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে, মোট ৯ জন। এরপরই বেশি মৃত্যু হয়েছে ৩১-৩৫ বছর (৭ জন), ৩৬-৪০ বছর (৬ জন) ও ৪৬-৫০ বছর বয়সীদের (৬ জন)। আর শিশুদের (০-১০ বছর) মধ্যে মারা গেছে ৫ জন। লিঙ্গভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশই পুরুষ ও ৩৮ দশমিক ৬ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে এগিয়ে নারীরা অর্থাৎ মোট মৃত্যুর ৬২ দশমিক ৫ শতাংশই নারী, অন্যদিকে পুরুষ ৩৭ দশমিক ৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় চলতি বছরের এ পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম। ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৩২৭ জন ও ২০২৬ সালের একই সময় পর্যন্ত এই সংখ্যা ১৬ হাজার ১০৪ জন। অর্থাৎ ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত যেখানে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৮৪ জনের, সেখানে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের; যা তুলনামূলক কম। তবে এ বছরের পরিসংখ্যান বা ২০২৬ সালের পরিসংখ্যান বলছে, দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে ডেঙ্গু। আর বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতি আরও বাড়বে। বিশেষ করে চলতি আগস্ট ও আগামী সেপ্টেম্বরÑ এই দুই মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
যে আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন গবেষক, কীটতত্ত্ববিদ ও বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশন (আইআরইএস) থেকে নিয়মিত মশা নিয়ে কাজ করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। ঢাকাতেও তাদের নিয়মিত সার্ভেইল্যান্স চলে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতাÑ এই কয়েকটি প্যারামিটার মিলিয়ে সব সময় একটি ফোরকাস্টিং মডেল বা প্রেডিকশন মডেল তৈরি করে। এর আগে এই গবেষকের প্রতিনিধিদল যত মডেল তৈরি করেছে, যত ফোরকাস্টিং করেছে, প্রতিটিই সঠিক হয়েছে বলে তিনি দাবি করেন। এ বছর ড. কবিরুল বাশারের গবেষণার তথ্য বলছে, আগস্ট ও সেপ্টেম্বরÑ এই দুই মাসে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ হতে পারে।
ড. কবিরুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যদি আমরা এখনই ডেঙ্গু নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে না পারি তাহলে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরÑ এই তিন মাস আমাদের জন্য পরিস্থিতি বেশ ভয়াবহ হবে। কারণ এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। অক্টোবরের পরে হয়তো কমতে থাকবে। ডেঙ্গুতে মারা যাওয়াটা নির্ভর করেÑ একটা মানুষ সঠিক সময়ে চিকিৎসা নিল কি না অথবা চিকিৎসাটা ঠিকমতো সে পেল কি নাÑ এই দুয়ের ওপর। এ দিকটায় আরও নজর দিতে হবে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে ও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ যে গতানুগতিক পদ্ধতিতে এতদিনে মশা নিয়ন্ত্রণ ও রোগীর সংখ্যা কমানোর চেষ্টা করা হয়েছে তা কাজ করছে না। আগামী ২-৩ মাস ডেঙ্গুর ঊর্ধ্বগতি থাকার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে ঢাকায় প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তারপর ধীরে ধীরে নগরকেন্দ্রিক এই রোগ অনেক আগেই ছড়িয়েছে সারা দেশে। গত কয়েক বছরের তথ্য বলছে, ডেঙ্গু এখন আর শুধু রাজধানীকেন্দ্রিক নয়। ২০২১ সালে মোট আক্রান্তের মাত্র ১৬ শতাংশ ছিল ঢাকার বাইরের। ২০২২ সালে তা বেড়ে ৩৭ শতাংশ, ২০২৩ সালে ৬৫ শতাংশ, ২০২৪ সালে ৬০ শতাংশ ও ২০২৫ সালে ৬৯ শতাংশে পৌঁছেছে। চলতি বছর সেই হার বেড়ে ৭৬ শতাংশ ছাড়িয়েছে।
এ বিষয়ে ড. কবিরুল বাশার বলেন, একটা সময় ডেঙ্গু ছিল ঢাকাকেন্দ্রিক। যখন আমরা ডেঙ্গুকে ঢাকার মধ্যে নিয়ন্ত্রণে রাখতে পারিনি, তখন সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন ঢাকা থেকে বিভিন্ন জেলাতে প্রচুর মানুষ যানবাহনে যাতায়াত করে। সেই যানবাহনে বা বাসে চড়ে মানুষ তো যায়ই, মশাও চলে যায়। এভাবে সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা শহর এখন এডিস মশার দখলে।
এদিকে কয়েক বছর ধরে ডেঙ্গুতে তরুণ ও কর্মক্ষম মানুষজন বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। এটা আমাদের জাতীয় জীবনের জন্য চিন্তার বিষয়। কেননা তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী ডেঙ্গুতে আক্রান্ত হওয়া মানে শুধু যে চিকিৎসা ব্যয় বাবদ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নয়, কর্মঘণ্টা ও কর্মস্পৃহাও নষ্ট হচ্ছে। আর কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি হওয়ার নেপথ্যে অবহেলাকে সবচেয়ে বেশি দায়ী করছেন গবেষকরা। এক্ষেত্রে তারা বলছেন, জ্বর জ্বর অনুভব করলেও কাজ ফেলে অনেকেই ডেঙ্গু পরীক্ষা করাতে যান না। ফলে ওই ব্যক্তিটি নীরবে মৃত্যুর দিকে ধাবিত হতে থাকেন। এরপর পরিস্থিতির অবনতি হলে রোগী হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয় না। ফলে ওই পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে।
ডা. মুশতাক হোসেন বলেন, কাজকর্ম করার জন্য কর্মক্ষমরা বাইরে বের হচ্ছেন। যে কারণে তারা বেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন। কারণ তারা চিকিৎসার জন্য খুব দেরিতেই যায়; তারা মনে করেন আমার কিছু হবে না! এদের বেশিরভাগই শেষ মুহূর্তে হাসপাতালে যায়, যা কোনোভাবেই কাম্য নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়; কিন্তু কর্মক্ষম মানুষের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। কর্মক্ষম মানুষের মৃত্যু মানে তার ওপর নির্ভরশীল পরিবার নিঃস্ব।
পরিত্রাণের উপায় সম্পর্কে তারা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তৃণমূল পর্যায় থেকে মশা নিয়ন্ত্রণ, ডেঙ্গু রোগী খোঁজার কাজ ও তাদের যত্নের উদ্যোগ নিতে হবে। এখন কারও জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করিয়ে ডেঙ্গু পজিটিভ হলে তাদেরকে কয়েকটা দিন সেকেন্ডারি হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। তাহলে তৃতীয় পর্যায়ের স্পেশালাইজ হাসপাতালে বা আইসিইউতে আসার মতো রোগীর সংখ্যা অনেক কমে যাবে। এইটা করতে পারলে ডেঙ্গুতে মৃত্যুটা এখনই কমবে আর মশা নিয়ন্ত্রণ করতে পারলে ভবিষ্যতে আক্রান্তর হারও কমবে। মশা নিয়ন্ত্রণ না হলে শুধু আইসিইউ বাড়িয়ে কোনো লাভ হবে না। কারণ আইসিইউ বাড়াতে সময় লাগে; অর্থ লাগে এবং আইসিইউ চালানোর জন্য দক্ষ জনবল লাগে। এগুলোর জন্য যে টাকা খরচ হয় বা হবে তার ১০ ভাগের এক ভাগ খরচ করে মশা নিয়ন্ত্রণে হাজার হাজার স্বেচ্ছাসেবক নিয়ে সারা দেশে একসাথে দুই-তিন বছর কাজ করলে সবচেয়ে ভালো হবে।