ডেঙ্গুবাহী এডিস মশা। ছবি: বিডি ডক্টরস
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন ৫১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে সবচেয়ে বেশি ২৪৪ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া ঢাকায় ১২৯, খুলনায় ১৬৩, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৪, রংপুরে ২৪ ও সিলেট বিভাগে ৩ জন চিকিৎসাধীন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৮ হাজার ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৩২ জন।
মারা যাওয়া ৪৭ জনের মধ্যে নারী ২৮ জন বা ৫৯ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ১৯ জন বা ৪০ দশমিক ৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৭ জনের মধ্যে চলতি মাসে ২৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।