সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৯:২৫ পিএম
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিবিজড়িত প্রান্তিক মানুষের চিকিৎসাকেন্দ্র ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। যার এক পক্ষে রয়েছেন সাবেক ট্রাস্টি পর্ষদের সদস্য ডা. নাজিমউদ্দিন আহমেদ এবং অন্য পক্ষে বর্তমান ট্রাস্টি পর্ষদ।
জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত দুই পক্ষ অন্তত ১৭০ জনকে বরখাস্ত করেছে বলে অভিযোগ উঠেছে।
এর জেরে সর্বশেষ গত শনিবার সকালে নাজিমউদ্দিন আহমেদ ও তার সঙ্গে থাকা লোকজন গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় হাসপাতালের ফার্মাসিউটিক্যালসে ভাঙচুর ও নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনা ঘটে। যা নিয়ে দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। এ ঘটনার পর থেকে হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম।
গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (ভূমি প্রশাসন) মোহাম্মদ আবদুস সালাম বলেন, “শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নাজিমউদ্দিন আহমেদ ও তার সঙ্গে আসা লোকজন ফার্মাসিউটিক্যালসে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ও একটি গাড়ি ভাঙচুর করেন। এছাড়া এক নিরাপত্তাকর্মীকে মারধর করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা সেখান থেকে চলে যান।”
আবদুস সালাম বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর নাজিমউদ্দিন আহমেদ নিজেকে চেয়ারম্যান দাবি করেন ও জোরপূর্বক গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়ন্ত্রণ নেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা তার কাছে আর্থিক হিসাব চাইলে তিনি তা দিতে না পেরে পদত্যাগ করেন। এরপর তিনি আলাদা একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন। যা নিয়ে আদালতে মামলা হয়।”
তিনি আরও বলেন, “মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত নাজিমউদ্দিনকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক, আর্থিক বা অন্য কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করলেও সেটির নিষ্পত্তি হয়নি। তা সত্ত্বেও তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে আদালতের নির্দেশ অমান্য করেছেন। ”
দখলচেষ্টার আশঙ্কায় আগের রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও জানান তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন শিরীন হক বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকেই সাবেক ট্রাস্টি সদস্য ডা. নাজিমুদ্দিন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঋণ নিয়েছিলেন, যা সুদে আসলে ১০ কোটি টাকা হয়ে গেছে। সেই অর্থ পরিশোধ এড়াতেই তিনি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “দায়িত্ব পালনকালে নাজিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে অর্থ অপচয় ও তছরুপের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প ও স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায়ও অনিয়ম হয়েছে।”
গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পর্ষদের দাবি, ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে ডা. নাজিমউদ্দিন ক্ষমতার অপব্যবহার করে যোগ্যতা ছাড়া প্রায় ৮০ জনকে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন পদে বসান এবং পরে ৯ চিকিৎসকসহ ৩০ জনকে ছাঁটাই করেন।
তবে সব অভিযোগ নাকচ করে প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. নাজিমউদ্দিন আহমেদ দাবি করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ১৯৭২ ও ১৯৮০ সালের মূল ট্রাস্ট দপ্তরের আইনি ক্ষমতার শক্তিতেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়েই শনিবার প্রাঙ্গণে যান।
তিনি দাবি করেন, ফার্মাসিউটিক্যালসে কোনো ভাঙচুর চালানো হয়নি, বরং বর্তমান ‘অবৈধ’ পর্ষদ নিজেদের অপকর্ম আড়াল করতে নিজ হাতে সিসিটিভি ভেঙে তার ওপর দায় চাপানোর চক্রান্ত করছে। এছাড়া তাকে ঘায়েল করতে পর্ষদের বর্তমান সদস্যরা তার সময়ে থাকা প্রায় ১৪০ জন অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীকে রাতারাতি বরখাস্ত করেছে।
তিনি বলেন, “আমি প্রান্তিক রোগীদের কথা ভেবে চিকিৎসা ফি ২৫০ টাকায় নামিয়ে আনার ঘোষণা দেওয়াতেই ‘অবৈধ দখলদার গোষ্ঠী’ ক্ষিপ্ত হয়ে গাড়ি-সিসিটিভি ভেঙে আমাকে দমানোর চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “আমি মূল চার ট্রাস্টির একমাত্র জীবিত সদস্য। ২০২৪ সালের ২৪ আগস্ট চাপে ফেলে বলপ্রয়োগ করে আমার থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছিল।”
সাভারের আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ডা. নাজিমউদ্দিন ক্যাম্পাসে এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যান। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সিসিটিভি ও গাড়ির কাচ ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে।
তিনি জানান, বিগত দুই মাসে মোট তিনটি জিডি (একটি বর্তমান পর্ষদ ও দুটি ডা. নাজিমউদ্দিন) জমা হলেও শনিবারের ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
জানা যায়, ২০২৩ সালের ১১ এপ্রিল ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণের পর থেকেই গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়ন্ত্রণ ও নীতিনির্ধারণ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দানা বাঁধতে শুরু করে। এর জের ধরে ২০২৪ সালের ২৪ আগস্ট হাসপাতাল প্রাঙ্গণে এক থমথমে ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।
সে সময় ডা. নাজিমউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্থানীয় সংসদ সদস্য, বহিরাগতদের সহায়তায় অর্থ আত্মসাৎ এবং গাছ কাটার গুরুতর অভিযোগ এনে মেডিক্যাল শিক্ষার্থী ও সাধারণ কর্মচারীরা বিক্ষোভ করেন। শিক্ষার্থী-কর্মীদের আন্দোলনের মুখেই ওই দিন তিনি ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করতে বাধ্য হন।