ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ওয়ার্ড। ছবি: বিবিসি বাংলা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো ৪৩ জনে।
নতুন ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রবিবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ (বয়স ৩৬-৪০) এবং দুইজন মহিলা (বয়স ৩১-৩৫ এবং ৪৬-৫০)।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, খুলনা বিভাগে ৪৮, রাজশাহী বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ ও রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি ৪২৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া বরিশালে ২৩৪, খুলনায় ১৭০, চট্টগ্রামে ১১৭, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৫৯, রংপুরে ২৭ ও সিলেট বিভাগে ৩ জন চিকিৎসাধীন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৯৩৭ জন।
এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে চলতি মাসে ২৫ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।