× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও ডেঙ্গু: ভয়াবহ ঝুঁকিতে শিশুরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১০:০৩ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১০:০৩ এএম

হাম (বাঁয়ে) এবং ডেঙ্গু আক্রান্ত শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

হাম (বাঁয়ে) এবং ডেঙ্গু আক্রান্ত শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে টিকা-নির্ভর প্রতিরোধযোগ্য রোগ হাম আবারও বড় সংকট তৈরি করেছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। অভিভাবকদের শঙ্কা, ঘরের মধ্যে রেখে শিশুদের হাম থেকে কিছুটা সুরক্ষা দেওয়া গেলেও ডেঙ্গুর হাত থেকে বাঁচা দায় হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলোর উদ্বেগ আরও বেশি। তারা বলছে, কোনোভাবেই সন্তানদের দুই রোগের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে পারছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩০ দিনে হামের উপসর্গ নিয়ে ৭১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে ৯৫ জন। মৃতদের অধিকাংশই শিশু। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ নজরদারির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ছয় মাসে বিশ্বে হাম বা হামের উপসর্গে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। এ সময়ে ৪২ হাজার ১৭৪ জন আক্রান্ত হয়েছে। বিশ্বের ১৬৫টি দেশে একই সময়ে মোট ১ লাখ ৮৬ হাজার হাম রোগী শনাক্ত হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির কভারেজ কমে যাওয়ায় দেশে তৈরি হয়েছে ‘ইমিউনিটি গ্যাপ’। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিয়মিত হাম টিকাদানের হার ৫৯ শতাংশে নেমে আসে, যেখানে রোগ নিয়ন্ত্রণে রাখতে অন্তত ৯৫ শতাংশ শিশুর দুই ডোজ টিকা প্রয়োজন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশই টিকা নেয়নি।

এদিকে ডেঙ্গুও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৬৬ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ১১ জন এবং রংপুরে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত টিকার বাইরে থাকা শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা, ভিটামিন ‘এ’ সরবরাহ এবং রোগ নজরদারি বাড়ানো জরুরি। 

একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও কার্যকর জনসচেতনতা বাড়াতে হবে। তা না হলে হাম ও ডেঙ্গুর এই দ্বৈত সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা