প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৮:৪৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৮:৪৪ পিএম
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। ছবি: বিবিসি বাংলা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন খুলনা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। নতুন আক্রান্ত ৩৭২ জনের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন এবং খুলনা বিভাগে ৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৮ জন এবং রংপুরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৮৬ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৪০৪ জন রোগী। এছাড়া বরিশাল বিভাগে ২১০ জন এবং খুলনা বিভাগে ১৬০ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন।