প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৯:৫৭ পিএম
হাম (বাঁয়ে) এবং ডেঙ্গু আক্রান্ত শিশু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বিমুখী স্বাস্থ্যঝুঁকি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। একদিকে হামে ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে; অন্যদিকে বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধির ফলে ডেঙ্গু আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ শিশু এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।
একই সময়ে নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৩১ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, চট্টগ্রামে ৩১, ময়মনসিংহে ১৫ এবং বরিশাল বিভাগে ১০ রয়েছে।
চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯ হাজার ৭৭০ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৩২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮ হাজার ৮২৬ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন; মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যায় ৫৭৫ জন। আর ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়; প্রাণ হারায় ১ হাজার ৭০৫ জন।