ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম ও ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মারা গেছে সন্দেহজনক হামে। দুইজন মারা গেছেন ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
হাম
এছরের ১৫ মার্চ থেকে ১৫ জুলাই, ১২৩ দিনে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৭৭১ শিশুর। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। বাকি ৬৭৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৫ শিশু মারা গেছে তাদের মধ্যে ৪ জন ঢাকা এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯২০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৫১ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৭২ জন। গত ১২৩ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জনকে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৮৭৭ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩ হাজার ২৬০ জন রোগী।
ডেঙ্গু
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।