প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৬:০৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৬:১৫ পিএম
হামে আক্রান্ত একটি শিশু কান্না করছে। বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে মঙ্গলবার তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছে আরও ৯৯০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৭১টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৬৬টি শিশু মারা গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৮। এই সময়ে ৮৩১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ২৭ রোগী, যাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।