× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেগা প্রকল্পে বদলে যাবে ঢাকা মেডিক্যাল কলেজ

রাহাত হুসাইন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ। ফাইল ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ। ফাইল ছবি

দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজের (ডিএমসি) দীর্ঘদিনের আবাসন সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বর্তমানে এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবটি (ডিপিপি) একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এইমধ্যে আজ শনিবার ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রতিষ্ঠানটি আধুনিকায়নে মেগা প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজের বিদ্যমান অবকাঠামোর একটি বড় অংশ দীর্ঘদিনের পুরনো হওয়ায় চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আবাসন ব্যবস্থায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এসব সমস্যা নিরসনে নেওয়া প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে প্রায় ১ হাজার ৯১ কোটি টাকা ব্যয় হবে মূল নির্মাণ কাজে। প্রকল্প ব্যয়ের মধ্যে ভৌত আকস্মিক ব্যয়ের জন্য ২ শতাংশ এবং মূল্যস্ফীতিজনিত সম্ভাব্য ব্যয়ের জন্য ৪ শতাংশ অর্থ সংরক্ষণ রাখা হয়েছে। প্রাথমিক ধাপ হিসেবে মাটি পরীক্ষা এবং প্রধান ব্যয় খাতগুলোর প্রাক্কলন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় ক্যাম্পাসের জরাজীর্ণ ভবন অপসারণ করে তিনটি ১৫ তলা ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে থাকবে তিনটি বেসমেন্টসহ একটি আধুনিক একাডেমিক ভবন, একটি বেসমেন্টসহ ছাত্রদের জন্য একটি আবাসিক হোস্টেল এবং দুটি বেসমেন্টসহ শিক্ষক-কর্মকর্তাদের জন্য একটি আবাসিক ভবন। এ ছাড়া নির্মাণ করা হবে একটি চারতলা মসজিদ, চারতলা সার্ভিস ভবন এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য একটি ফুটওভার ব্রিজ। পুরনো একাডেমিক ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার, অডিটোরিয়ামের আধুনিকায়ন এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম ও আসবাবপত্র সংযোজনও প্রকল্পের অন্তর্ভুক্ত। পাশাপাশি পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় ইউটিলিটি অবকাঠামো আধুনিকায়ন করা হবে। 

এদিকে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা প্রস্তুতি শেষ হলেও ডিপিপি এখনও একনেকে অনুমোদিত হয়নি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্পটি এখনও একনেকে ওঠেনি। তবে পরবর্তী একনেক সভায় অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে।

দাপ্তরিক সূত্র জানায়, প্রকল্প এলাকাটি পরিবেশ অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী ‘রেড’ ক্যাটাগরিভুক্ত হওয়ায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ), প্রাথমিক পরিবেশগত পরীক্ষা (আইইই) এবং দুর্যোগগত প্রভাব মূল্যায়ন (ডিআইএ) সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত পিইসি সভার সুপারিশ অনুযায়ী যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যয় পুনর্মূল্যায়ন করে সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তীতে গত ৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে সংশোধিত ডিপিপি দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনার পর ১১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তরে প্রয়োজনীয় তথ্য পাঠায়। গণপূর্ত অধিদপ্তর পুনর্গঠিত ডিপিপি প্রস্তুত করে গত ৬ জুলাই পরিকল্পনা কমিশনে জমা দেয়। ১১ জুলাই (আজ) ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, ডিএমসি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ইতিহাসভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি নতুন প্রকল্পের স্থাপত্য নকশা ও অগ্রগতির ডিজিটাল উপস্থাপনা তুলে ধরা হবে। এ প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল (ভিপি) অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইনশাল্লাহ, ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যালে আসবেন। আমাদের প্রাণের প্রতিষ্ঠানে এ আয়োজন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

হাসপাতালের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, জরাজীর্ণ ভবন ও ছাত্রাবাস পুনর্নির্মাণ এবং আধুনিকায়নের দাবি অনেক দিনের। প্রধানমন্ত্রী এ বিষয়ে কী ঘোষণা দেবেন, সেটি এখনই বলা সম্ভব নয়। বিস্তারিত সেদিনই জানা যাবে। ঘোষণা সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে।

ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে আবাসন সুবিধা সম্প্রসারণ হয়নি। হোস্টেলের মূল ভবন ও বিভিন্ন ব্লক দীর্ঘদিনের পুরনো এবং জরাজীর্ণ। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়েছেন। নতুন উন্নয়ন প্রকল্পটি এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে দূর হবে বলে আমরা আশা করছি।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ঢাকা মেডিক্যাল  কলেজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। পিডব্লিউডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে অনুমোদন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিক্যাল কলেজে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। আট দশকের গৌরবময় পথচলায় প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্য খাতের প্রধান চালিকাশক্তি ও বৃহত্তম চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা