ফাইল ছবি
সারা দেশে গত ১১৫ দিনে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৭৪৫ শিশুর। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৫২ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৩ শিশু মারা গেছে তারা সকলেই ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৭৯৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৪৮ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১৫ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯১ হাজার ২৭০ জনকে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৭৮৪ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭ হাজার ৬২৮ জন রোগী।