ফাইল ছবি
সারাদেশে গত ১১৪ দিনে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৭৪২ শিশুর। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
এদিকে ১১৪ দিনে হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩ শিশু। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৪৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে শিশুটি মারা গেছে সে ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৮১৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৮৮ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১৪ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০ হাজার ৫২২ জনকে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৭৮২ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬ হাজার ৮৪৪ জন রোগী।