ডেঙ্গুবাহী এডিস মশা। ছবি: বিবিসি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৬৯। তবে ২৪ ঘণ্টায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায় নি। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯ জনে।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৩৯ জনের। সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৩০ জন। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭, খুলনা বিভাগে ২৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩, চট্টগ্রামে ১৬, ময়মনসিংহ বিভাগে ১১ এবং রাজশাহী বিভাগের ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে এখন পর্যন্ত ৬ হাজার ১৩০ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১৪১ জন ডেঙ্গু রোগী।
মোট রোগীদের মধ্যে জুনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ২ হাজার ৯০৭ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে চলতি মাসে শনাক্ত হয়েছে ৪৯৩ জন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুনে ১৩ জন।