প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬ ২০:৫০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬ ১৫:৫৮ পিএম
ফাইল ছবি
সারা দেশে গত গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
এদিকে ১০৭ দিনে হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪২ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭১৮ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। বাকি ৬২৫ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ২ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন আর ১ জন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৮৬৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮২১ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০৭ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৪ হাজার ৬২৭ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৭৮১ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮০ হাজার ৯৭৪ জন রোগী।