মেডিক্যাল কলেজ শিক্ষার্থী। ছবি: নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল
বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি ও বেসরকারি মেডিক্যালে ১১ হাজার ৩৭৮টি আসন রয়েছে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার ময়মনসিংহ-৮ আসনের সরকারি দলের সদস্য লুৎফুল্লাহেল মাজেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, দেশের ৩৭টি সরকারি এবং ৬৮টি বেসরকারি মেডিক্যাল কলেজ, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১টি সরকারি ও ৫টি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১টি বেসরকারি মেডিক্যাল কলেজে এসব আসন বরাদ্দ।
মন্ত্রী বলেন, “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে আসন সংখ্যা ৬ হাজার ২৭৮টি”।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশের মোট ১০৫টি মেডিক্যাল কলেজে সর্বমোট ১১ হাজার ৩৭৮ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে।