প্রতীকী ছবি
সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩১৭ জন। যার মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই নারী এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাদের একজনের বয়স ২১ থেকে ২৫, অপরজনের ৩৬ থেকে ৪০ বছর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর মধ্যে ৪ হাজার ৯১৯ জন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১১৯ জন ডেঙ্গু রোগী।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে ৫৬ জন। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ এবং উত্তর সিটি করপোরেশনে ২৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগেও গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
একই সময়ে ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১১, খুলনায় ১০, রাজশাহীতে ৪ এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মোট রোগীদের মধ্যে চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুনে এখন পর্যন্ত ১ হাজার ৯৯৯ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর মারা যাওয়া ১২ জনের মধ্যে জুন মাসেই সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।