হামে আক্রান্ত শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ৯৬ দিনে নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮৫১ শিশু। তাদের মধ্যে ৯০ হাজার ৯৮২ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে প্রাণ গেছে ৫৭৭ শিশুর। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৪ শিশু মারা গেছে তাদের মধ্যে সিলেট বিভাগের ২ জন, ঢাকা বিভাগের ১ জন এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৭২ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৫ হাজার ১৫৬ জনকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৮৯৩ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭১ হাজার ৩৯৬ জন রোগী।