সিলেট সংবাদদাতা
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রবিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রবিবার সকাল থেকে এই কর্মসূচি চলছে। একইসঙ্গে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।
আন্দোলনকারীদের দাবি, গত ১৯ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি করা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বৃদ্ধি, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
এছাড়া বিএমডিসি-২০২৩ অধ্যাদেশকে আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সব ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকায় সীমিত করার দাবিও জানানো হয়েছে।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি হয়েও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন।
তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।