বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মিলন হলে শনিবার এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মিলন হলে শনিবার এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের যৌথ উদ্যোগে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, “ডেঙ্গু এখন দেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় শুধু সরকার বা স্বাস্থ্যখাত নয়, বরং সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন”।
তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি চিকিৎসকদের রোগীর প্লাজমা লিকেজ দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. রিয়াদ মাহমুদ এবং অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পরবর্তী ধাপে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও এতে অন্তর্ভুক্ত করা হবে।