প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:০০ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। সোমবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, উত্তর সিটি করপোরেশনে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।
এছাড়া এই সময়ে ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৮৬৯ জন।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।