ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫১ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর আগে তাদের বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) সকালে মমেক হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সম্পর্কিত রোগের চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মো. আবু জাফর। সেমিনারে অংশ নেওয়ার আগে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল-সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ সময় ডিজি বলেন, ‘আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন। যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে?’
তখন চিকিৎসক বলেন, ‘আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহ্যাব করি। কিন্তু যারা দায়িত্বে আছে, তাদের সঙ্গে আমার বিহ্যাব ভালো না।’
ডিজি বলেন, ‘আপনি তো বিহ্যাবই শেখেন নাই।’ এ সময় চিকিৎসক বলেন, ‘ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম। আপনার দুদিন আসার কথা ছিল, এক দিনও আসেননি।’ এ সময় ডিজি ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। চিকিৎসক বলতে থাকেন, ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।’
তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক জাকিউল ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তর্কাতর্কির একপর্যায়ে ডা. ধনদেব বর্মনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মহাপরিচালক।
ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, আমাদের সঙ্গে ডা. ধনদেব বর্মণ সবসময় লো ভয়েজে কথা বলেন। মহাপরিচালকের সঙ্গে কেন এরকমভাবে কথা বলেছেন বুঝতে পারছি না।