প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর—টানা ছয়দিন পর ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৩৭৭ জনে।
শুক্রবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২০৩ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে- চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন। তবে গত ২৪ ঘণ্টায় এবং খুলনা, রাজশাহী, সিলেট এবং রংপুর বিভাগে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯০ হাজার ৬৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ জন, অক্টোবরে ২২ হাজার ৫২০ জন এবং নভেম্বরের গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৩ হাজার ৩২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরের ৭৬, অক্টোবরে ৮০ জন এবং নভেম্বরের গতকাল সকাল ৮ টা পর্যন্ত মারা গেছেন ৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং ওই বছর মৃত্যুবরণ করেন রেকর্ড ১ হাজার ৭০৫ জন।