প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:২১ পিএম
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের ২৭তম দিনের সকাল ৮টা পর্যন্ত চলতি মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। আর চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৩৭৭ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি নভেম্বরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১২ জন—যা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ। চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৭৮৪ জন।
বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩০৩ জন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এরপর নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমেÑ চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫৮৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর মোট সুস্থ হয়েছেন ৯০ হাজার ২১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রতিমাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ জন, অক্টোবরে ২২ হাজার ৫২০ জন এবং নভেম্বরের বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯১২ জন। আর এ সময় মৃত্যু হয়েছে- জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরের ৭৬ জন, অক্টোবরে ৮০ জন এবং নভেম্বরের বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং ওই বছর মৃত্যুবরণ করেন রেকর্ড ১ হাজার ৭০৫ জন।