× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ৩০

জলবায়ু সংকট নারীদের প্রজনন ঝুঁকি বাড়াচ্ছে

মজুমদার ইমরান, বেলেম (ব্রাজিল) থেকে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১০:১৬ এএম

জলবায়ু সংকট নারীদের প্রজনন ঝুঁকি বাড়াচ্ছে

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের নারীদের প্রজনন স্বাস্থ্যে দ্রুত প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, জলবায়ু সংক্রান্ত নারীর স্বাস্থ্যঝুঁকি কমাতে অবিলম্বে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারীদের সুরক্ষায় অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রাজিলের বেলেমে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩০-এ বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা বলেন। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (বিএফটিডব্লিউ) এবং এইচইকেএস/ইপিইআর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে গবেষণা উপস্থাপন করেন সিপিআরডির সহকারী ব্যবস্থাপক (রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি) শেখ নুর আতিয়া রাব্বি। তিনি জানান, বাংলাদেশের উপকূলবর্তী ৪০০ প্রজননক্ষম নারীর ওপর গবেষণায় দেখা গেছে, মাসিকের অনিয়ম, গর্ভধারণের জটিলতা, সংক্রমণ এবং খাদ্য-পানি অনিরাপত্তার উচ্চমাত্রা শনাক্ত হয়েছেÑ যা দীর্ঘদিনের জলবায়ু চাপে আরও বেড়েছে। উচ্চ লবণাক্ত অঞ্চলে নারীদের পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ (পিআইডি) আক্রান্ত হওয়ার ঝুঁকি ২.৩ গুণ বেশি। জলবায়ু-সম্পর্কিত চাপ গর্ভপাত, প্রাক-প্রসবসহ নেতিবাচক গর্ভাবস্থার ঝুঁকি বাড়ায়।

আলোচনায় বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব একেএম সোহেল; গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ড. জেনি মিলার; সিইইডব্লিউ ফেলো ও জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ড. বিশ্বাস চিতালে; সিএমসিসির পরিবেশ অর্থনীতিবিদ ও এলএসইর ভিজিটিং সিনিয়র ফেলো ড. সৌর দাসগুপ্ত; এবং রিজেনারেট আফ্রিকার জেন্ডার, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট লিড নাকুয়া নিয়োনা কাসেকেন্ডে।

ইআরডির অতিরিক্ত সচিব একেএম সোহেল বলেন, স্বতন্ত্র স্বাস্থ্য জাতীয় অভিযোজন পরিকল্পনা (Health-NAP) প্রণয়ন বৃহত্তর অভিযোজন নীতি কাঠামোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রাধিকারকে দুর্বল করেছে। তিনি বলেন, আমাদের চাই মাপযোগ্য, পূর্বানুমানযোগ্য, জেন্ডার-সাড়া-দেওয়া অভিযোজন অর্থায়নÑ ঋণ নয়, অনুদান। তিনি নারীদের জলবায়ু-প্রণোদিত স্বাস্থ্যঝুঁকি জাতীয় অভিযোজন পরিকল্পনায় দৃঢ়ভাবে অন্তর্ভুক্ত করা এবং দেশের অভিযোজন কৌশলকে জিজিএ স্বাস্থ্যসূচকের সঙ্গে সমন্বয় করার ওপর জোর দেন।

ড. জেনি মিলার বলেন, সদ্য চালু হওয়া গ্লোবাল হেলথ অ্যাডাপটেশন প্ল্যান তখনই কার্যকর হবে যখন দেশগুলো স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিযোজন পরিকল্পনা করবে এবং উন্নত দেশগুলো যথাযথ অর্থায়ন নিশ্চিত করবে।

ড. সৌর দাসগুপ্ত জানান, ২০২৩ সালে অতিরিক্ত ২০ লাখ মানুষ খাদ্য অনিরাপদ হয়েছে। এ পরিস্থিতিতে তিনি জাতীয় তথ্য ব্যবস্থাকে গ্লোবাল গোল অন অ্যাডাপটেশনের (জিজিএ) সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানান।

ড. বিশ্বাস চিতালে বয়স ও লিঙ্গভিত্তিক স্বাস্থ্য তথ্য আলাদা করে সংগ্রহ, জলবায়ু-সহনশীল স্বাস্থ্য নজরদারি তৈরি এবং ভবিষ্যৎ ঝুঁকি পূর্বাভাসে এআই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

নাকুয়া নিয়োনা কাসেকেন্ডে বলেন, জলবায়ু পরিবর্তন নারীদের প্রজনন স্বাস্থ্যের ওপর দ্রুততর হুমকি তৈরি করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা