প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৭:৫০ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১১৩৯ জন রোগী।
বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে ২২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছে।
একই সময়ে হাসপাতাল থেকে ১ হাজার ৫১ জন রোগী ছাড়া পেয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ৭৭ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩২৩ এবং শনাক্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ৭৭৩ জনে দাঁড়িয়েছে।