প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৯:০০ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন রোগী।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫৭৪ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন এবং জেলার বাইরে ১৯০ জন। এরপর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
মৃত দুইজনের মধ্যে একজন রাজধানীর দক্ষিণ সিটির মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন উত্তর সিটির কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে, আর আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৪২৮ জন।
এদিকে, গত একদিনে সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৬৫ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরের ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরের বুধবার সকাল ৮টা পর্যন্ত ২১ হাজার ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরের ৭৬ এবং অক্টোবরের ২৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ৭৭ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ছিল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি—তখন আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।