প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৯:০৯ পিএম
শিশুদের টাইফয়েড জ্বরজনিত অসুস্থতা ও মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ সরকার সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর ব্যবস্থাপনায় গত ১২ অক্টোবর এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় দেশের প্রতিটি জেলায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হবে, যা জনস্বাস্থ্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি পরিচালিত হলেও এবারই প্রথম মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের জহুরি মহল্লার গাউছিয়া ইসলামি ফাজিল মাদ্রাসায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাউছিয়া ইসলামি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ঢাকা উত্তর সিটি করপোরেশন); এস. এম. তারিকুল ইসলাম, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), ইসলামিক ফাউন্ডেশন; ডা. নাজমুল হক, সহযোগী অধ্যাপক ও সদস্য, ন্যাশনাল এক্সপার্ট রিভিউ কমিটি; ইমন আমির, পরিদর্শক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর; ডা. সলোমন, চিফ, হেলথ সেকশন, ইউনিসেফ বাংলাদেশ।
এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই ও সার্ভিল্যান্স শাখার কর্মকর্তাসহ ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন এবং অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশব্যাপী টিকাদান কর্মসূচির প্রতি জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।