× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অনিয়ম!

অভিযোগ সদ্য প্রাক্তন কর্মকর্তার

হাসনাত শাহীন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:১১ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ০৯:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের টিবি-এল অ্যান্ড এইডস/এসটিডি প্রোগ্রামের অধীনে নিয়োগ পরীক্ষা নিয়ে গুরুতর অনিয়ম ও প্রশ্নবিদ্ধ কার্যক্রমের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের (এনএএসপি) সদ্য প্রাক্তন ম্যানেজার (পিএসএম) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, চলতি বছরের ১৭ এপ্রিল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি পিএমএস বিশেষজ্ঞ পদে আবেদন করেছিলেন। তবে শুরু থেকেই তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হয়।

রফিকুল ইসলামের অভিযোগ, আবেদনকারীদের প্রবেশপত্র সময়মতো দেওয়ার কথা থাকলেও তিনি তা পাননি। অন্য প্রার্থীরা প্রবেশপত্র পেলেও তাকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়। বিষয়টি তিনি মৌখিকভাবে কয়েকবার নিয়োগ কমিটির সদস্য সচিব টিবি-এল অ্যান্ড এএসপির উপপরিচালক ও ভারপ্রাপ্ত লাইন ডিরেক্টর ডা. জুবাইদা নাসরীনকে জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে লিখিত পরীক্ষার এক দিন আগে ২৬ মে বিকালে ই-জোন এইচআরএম কর্তৃপক্ষ তাকে ই-মেইলে প্রবেশপত্র পাঠায়। পরদিন সকালে পরীক্ষায় অংশ নিতে বলা হয়।

তিনি জানান, পিএসএম বিশেষজ্ঞ পদে পরীক্ষাটি নেওয়া হয় কম্পিউটারে। তিনি প্রশ্নের উত্তর সম্পন্ন করে পিডিএফ ফরম্যাটে জমা দিতে চাইলেও পরীক্ষক তার কাছ থেকে এমএস ওয়ার্ড ফাইল সংগ্রহ করেন। এতে উত্তরপত্রে কোনো স্বাক্ষর বা প্রিন্ট কপি রাখা হয়নি। এভাবে জমা নেওয়া উত্তরপত্র পরবর্তীতে ডিলিট, সম্পাদনা বা পরিবর্তন করা যেতে পারে। এমনকি অন্য পরীক্ষার্থীর উত্তরের সঙ্গে মিলিয়ে দেওয়া সম্ভব। বিষয়টি তিনি সদস্য সচিব ডা. জুবাইদা নাসরীনকে জানান। তবে, তিনি (ডা. জুবাইদা নাসরীন) কোনো প্রতিক্রিয়া জানাননি।

তিনি আরও জানান, গত ২৯ মে এনএএসপির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. সাইদুর রহমান হঠাৎ করে তাকে ডেকে নিয়ে একই প্রশ্নে আবার লিখিত পরীক্ষা নেন। পরীক্ষা নেওয়া হয় তার কক্ষে এবং এক কর্মকর্তাকে দিয়ে পুরোটা সময় নজরদারি করানো হয়। এ বিষয়ে তদন্তের দাবি জানান তিনি।

ভাইভার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলেছেন রফিকুল ইসলাম। ২৪ জুন ঢাকার ইউএনওপিএস অফিসে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় তাকে জানানো হয় ৫ দিন আগে। তার দাবি, লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সকলকেই ভাইভাতে ডাকা হয়, যোগ্যতার ভিত্তিতে নয়। এমনকি পরীক্ষকদের সামনে তিনি সার্টিফিকেট নিয়ে গেলেও তা যাচাই করা হয়নি।

রফিকুল ইসলাম উল্লেখ করেন, ২০২১ সালে টিবি-এল অ্যান্ড এএসপির নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তর সরাসরি পরিচালনা করেছিল। তখন পরীক্ষার অন্তত ৭ দিন আগে প্রবেশপত্র সরবরাহ করা হয়। লিখিত, মৌখিক ও ব্যবহারিক তিনটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেখানেই তিনি যোগ্য প্রমাণিত হয়ে বর্তমান পদে নিয়োগ পান এবং সফলতার সঙ্গে কাজ করেছেন। তার মতে, এবার পরীক্ষার প্রতিটি ধাপেই অসংগতি ও স্বচ্ছতার অভাব ছিল।

রফিকুল ইসলামের দাবি, ‘এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ তদন্ত করা হোক এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি, ভবিষ্যতে স্বাস্থ্য অধিদপ্তর বা তার আওতাধীন কোনো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা আইএনজিও/এনজিওর মাধ্যমে না নেওয়া হয়Ñ এমন নির্দেশনা দেওয়া প্রয়োজন।’

তিনি আরও দাবি করেন, ‘পরীক্ষায় সুষ্ঠুতা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরাসরি নিয়োগ পরীক্ষা নেওয়া উচিত।’

এসব বিষয়ে টিবি-এল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর ডা. জুবাইদা নাসরিনের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ বিষয়ে আমি এখন কথা বলতে পারব না। আপনি অফিসে আসেন, তারপর কথা বলব।’

প্রোগ্রাম ম্যানেজার (এএসপি) ডা. মো. সাইদুর রহমান দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সে আমার স্টাফ। কাজের জন্য তাকে আমি ডাকতেই পারি। দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু বলতে পারব না। পরীক্ষা যারা নিয়েছেন তারা জানেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে লাইন ডিরেক্টর (টিবি-এল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর) বলতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা