ডা. এম আর করিম রেজা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭ পিএম
সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা চমকপ্রদ তথ্য পেয়েছেন। দেখা গেছে, তরুণ মানব রক্তকণিকা (young blood cells) ও অস্থিমজ্জার (bone marrow) কোষ একসঙ্গে কাজ করলে বৃদ্ধ ত্বক পুনরুজ্জীবিত হতে পারে।
গবেষণার ফলাফল
গবেষণায় প্রথমে শুধু তরুণ রক্তকণিকা ব্যবহার করা হয়েছিল। কিন্তু তখন তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
তবে এটি অস্থিমজ্জার কোষের সঙ্গে যুক্ত করলে ত্বকের কোষ দ্রুত বিভাজিত হয়, নতুন কোলাজেন তৈরি হয় এবং কোষে শক্তি উৎপাদনের ক্ষমতা বাড়ে।
এসব পরিবর্তন একসঙ্গে মিলে বৃদ্ধ ত্বককে অনেকটাই তরুণ ও স্বাস্থ্যবান করে তুলেছে।
রহস্য কোথায়?
গবেষকদের মতে, মূল রহস্য লুকিয়ে আছে কিছু বিশেষ প্রোটিনে। তরুণ রক্তকণিকা অস্থিমজ্জাকে সক্রিয় করে এবং তখন অস্থিমজ্জা থেকে নির্গত হয় শক্তিশালী প্রোটিন। এ পর্যন্ত ৫০টির বেশি প্রোটিন শনাক্ত করা গেছে, যার মধ্যে অন্তত ৭টি সরাসরি বৃদ্ধ ত্বককে পুনরুজ্জীবিত করতে সক্ষম।
পুরনো গবেষণার সঙ্গে মিল
ইঁদুরের ওপর আগের গবেষণায়ও দেখা গিয়েছিল- তরুণ ইঁদুরের রক্তসঞ্চালন বৃদ্ধ ইঁদুরকে তরুণ করে তোলে। নতুন এই গবেষণায় সেই ধারণাই এবার ‘organ-on-a-chip’ প্রযুক্তি ব্যবহার করে মানুষের টিস্যুতে সেই ধারণার প্রমাণ মিলল।
এখনো প্রাথমিক ধাপ
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ফলাফল এখনো ল্যাবরেটরির সীমায়। মানুষের শরীরে সরাসরি কার্যকর হবে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে। তবে আশার আলো হলো- ভবিষ্যতে এসব প্রোটিন ত্বক পুনরুজ্জীবনকারী ক্রিম, বিশেষ ইনজেকশন বা নতুন থেরাপির মাধ্যমে বার্ধক্যের ছাপ কমাতে ব্যবহৃত হতে পারে।
তরুণ রক্তকণিকা ও অস্থিমজ্জার যৌথ শক্তি হয়তো একদিন বয়স থামানোর চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
তরুণ রক্তকণিকা ও অস্থিমজ্জার যৌথ শক্তি হয়তো একদিন বয়স থামানোর চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
লেখক : ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ