প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৭:৪৯ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৩৫৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরের শুরু থেকে বুধবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৭১ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরের শুরু থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০৫ জনেই রয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কেউ করোনায় আক্রান্ত হয়নি এবং কেউ মারাও যায়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু সংক্রান্ত পরিস্থিতি বিষয়ক বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭১ জন হয়েছে। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে চারজন এবং সিলেট বিভাগে সাতজন। আর, এ সময়ে রংপুর বিভাগে কেউ আক্রান্ত হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২৬ হাজার ৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩০২ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগর বা দুই সিটি করপোরেশনে ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৫৩ জন, ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলার মোট রোগী ২০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ২১২ জন এবং সিলেট বিভাগে ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে এক হাজার ৭৭৩ জন, জুনে পাঁচ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের ২০ তারিখের সকাল আটটা পর্যন্ত ৬ হাজার ৪৯১ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে’তে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টের গতকাল সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ২২ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কেউ করোনায় আক্রান্ত হয়নি এবং নতুন করে কেউ মারাও যায়নি। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা (৭২৬ জন) এবং মৃত্যু সংখ্যা (৩১ জন) অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা চারদিন করোনায় কেউ আক্রান্ত হয়নি এবং ৩ আগস্টের (একজনের মৃত্যু হয়) পর নতুন করে আর কেউ এ রোগে মারাও যায়নি।