প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ২৩:২৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ২৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০৮ জন রোগী। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ১ জন আক্রান্ত হয়েছে, তবে নতুন করে করোনায় কারও মৃত্যুও হয়নি।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুসংক্রান্ত পরিস্থিতি বিষয়ক গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে বরিশাল বিভাগেÑ ৭৩ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন ভর্তি হয়েছে। এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৭৯৯ জন।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিষয়ক গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের চলমান পরীক্ষাগারগুলোতে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।