প্রবা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৮:৩৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১২:১৭ পিএম
প্যারিসের একটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যের কনডম। ছবি : সংগৃহীত
ফ্রান্সের তরুণরা আগামী বছরের জানুয়ারি থেকে বিনামূল্যে কনডম পাবেন। বয়স সার্টিফিকেট দেখালেই দেশটির যেকোনো ওষুধের দোকান বা স্বাস্থ্যকেন্দ্র ১৮ থেকে ২৫ বছর বয়সি তরুণদের বিনামূল্যে কনডম দিতে বাধ্য থাকবে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এইডস ও অন্য যৌনবাহিত সংক্রমণের (এসটিআই) বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার (৮ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন।
এদিন মাখোঁ পশ্চিম ফ্রান্সের একটি শহরতলিতে তরুণ-তরুণীদের বিতর্ক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। বক্তৃতায় বিনামূল্যে কনডম বিতরণকে গর্ভনিরোধের ক্ষেত্রে খুদে বিপ্লব জানিয়ে মাখোঁ বলেন, ‘যৌনশিক্ষা নিয়ে আমাদের বোঝাপড়া এখনও অনেক কম। বইয়ে যা বলা হয়, বাস্তবতা তার চেয়ে অনেক অনেক কঠিন। যৌনশিক্ষা বিষয়ে আমাদের শিক্ষকদের আরও প্রশিক্ষণ দিতে হবে।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের মধ্যে ফ্রান্সে যৌনবাহিত সংক্রামক রোগ (এসটিআই) ৩০ শতাংশ বেড়েছে। এ অবস্থায় নতুন পদক্ষেপ তরুণীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও এসটিআই থেকে বাঁচাবে বলে আশা করা হচ্ছে। এসব সমস্যা কমাতে ইতঃপূর্বেও নানা পদক্ষেপ নেয় দেশটি। এসব পদক্ষেপের মধ্যে চিকিৎসকের সুপারিশ থাকলে ২০১৮ সাল থেকে বিনামূল্যে কনডম পাওয়ার অধিকার অন্যতম।
অন্যদিকে চলতি বছরের শুরু থেকে অনূর্ধ্ব-২৬ নারীদের গর্ভনিরোধী যাবতীয় উপকরণ বিনামূল্যে বিতরণের ঘোষণা দেয় ফ্রান্স। আগে এটি অনূর্ধ্ব-১৮ নারীদের জন্য সীমিত ছিল।