নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৪৬ পিএম
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৬৮৪ জন। এদিকে দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারির। এরই মধ্যে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বরিশাল বিভাগে এখনও করোনা পরীক্ষার কিটসহ প্রয়োজনীয় উপকরণ না থাকায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ।
এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৪৯টি কলেজের ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন এবং ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রশ্নপত্র ও উত্তরপত্র পৌঁছে গেছে উপজেলা পর্যায়ে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বরিশাল শিক্ষা বোর্ড গ্রহণ করেছে সর্বোচ্চ সতর্কতা। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা কক্ষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোলার পরপরই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার থেকে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এখন স্বাস্থ্যবিধি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া ১৮ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সভায় করোনা রোধে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনার বিষয়টি অবহিত করা হবে।