প্রবা প্রতবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ফলকে টাঙিয়ে দেওয়া হলো নতুন নামের ব্যানার। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) লেখা ব্যানার টানানো হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ব্লকের সামনে এই ব্যানার দেখতে পায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ের কিছু চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এই ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তারা এ বিষয়ে কিছুই জানতেন না।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ‘নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, সেটাসহ আরও কিছু নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, ২-৩ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। শিগগিরই নতুন প্রজ্ঞাপন আসবে।’
এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বিএসএমএমইউ ক্যাম্পাসের সি ব্লকের সাইনবোর্ড থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত অংশ খুলে ফেলেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিছু চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। পরবর্তীতে ক্যাম্পাসের আরও কিছু জায়গা থেকেও বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলা হয়।