প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২০:৪১ পিএম
রাজধানীর পিআইডি'র সেমিনার কক্ষে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে বক্তারা। প্রবা ফটো
নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যান্সার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার লক্ষ্য নিয়ে তথ্য অধিদফতরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) সচিবালয়ের এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিদফতর ও ‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’। তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো ওই সেমিনারের উদ্দেশ্য ছিল।
সেমিনারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে আয়োজকরা বলেন, বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি।
নিজেদেরকে অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান, যা নারীদের স্বাস্থ্য, ক্ষমতায়ন, কল্যাণ এবং সামাজিক উন্নয়নে কাজ করে উল্লেখ করে সংগঠনটির কর্মকর্তারা বলেন, এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট’ স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়োজিত।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা. উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. নিজামুল কবীর, প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)।
বিশেষজ্ঞরা স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। সেখানে আরও বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবে এই রোগের চিকিৎসা দেরি হয়।
স্তন ক্যান্সারের লক্ষণ প্রসঙ্গে বলা হয়, বগল বা স্তনে গাঁটের উপস্থিতি ‘স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা আকার পরিবর্তন, স্তনে ব্যথা, লালচে ভাব, বা ফোলা ও স্তনের বোঁটা থেকে রস নির্গমন। পরামর্শ উল্লেখ করে বলা হয়, ২০ বছর বয়স থেকে প্রতি মাসে একবার নিজে নিজে স্তন পরীক্ষা করা। ৪০ বছর বয়সের পর বছরে একবার ম্যামোগ্রাম করা।
‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘এই সেমিনার তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।’
অনুষ্ঠান শেষে তিনি মো. নিজামুল কবীর, প্রধান তথ্য অফিসারের হাতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।