প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ পিএম
এক দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মবিরতিতে নামল নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নার্স ও মিডওয়াইফরা কর্মবিরতি পালন করেন।
এর আগে গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এ কর্মসূচির ঘোষণা দেয়।
আজ কর্মসূচিতে মিটফোর্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মতিউর রহমান বলেন, ‘আমাদের এক দফা দাবি মেনে না নেওয়ায় আমরা হতাশ হয়েছি। আমরা আর বাইরে থাকতে চাই না, আমরা চাই আমাদেরকে রোগীর সেবায় নিজেদের নিয়োজিত রাখতে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, ২০১৬ সালের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করে নার্সদের পদন্নোতির মাধ্যমে শূন্য পদগুলোতে পদায়ন করা হোক; সেই সঙ্গে নার্সিংয়ে সেবা ক্যাডার দ্রুত চালু করা। আমরা অর্গানোগ্রামের সঠিক বাস্তবায়ন চাই। অতিরিক্ত দায়িত্ব, নিজ বেতনে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব আর চাই না।’
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দাবিগুলো হলো- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক অধিদপ্তরে মহাপরিচালক, পরিচালক, কাউন্সিলে প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন। আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে সকল নার্স ও মিডওয়াইফ শিক্ষার্থীরা রোগীর সেবা অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। ইতিমধ্যেই আমরা দাবিগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছি। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে আমরা পরবর্তী কর্মবিরতি প্রত্যাহার করি। তিনি আমাদের মৌখিকভাবে বলেছিলেন আমাদের দাবিগুলো মেনে নিবেন। কিন্তু নার্সেস কাউন্সিলের রেজিস্ট্রার পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সকে রেজিস্ট্রার পদে পদায়ন করে; যা আমাদের এক দফা দাবির একটি অংশমাত্র।’
তিনি আরও বলেন, ‘গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে দুইজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরের পরিচালক পদে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজের দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স মিডওয়াইফারি শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ হয়েছে। আমাদের দাবি ছিল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (উপসচিব) প্রশাসন, নাসির উদ্দনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। তাই আমরা আজকে এক দফা দাবি পূরণে সংস্কার পরিষদ কর্তৃক চার ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি পালন করেছি।’