চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২২:১১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২২:১৩ পিএম
শুক্রবার চট্টগ্রামের ওআর নিজাম রোডে বেসরকারি হাসপাতাল ‘মেডিকেল সেন্টার’ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। প্রবা ফটো
চট্টগ্রামের দুইদিনের সরকারি সফরের প্রথমদিনে শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি হাসপাতাল ‘মেডিকেল সেন্টার’ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আকস্মিক এ পরিদর্শনে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অনিয়ম ও ত্রুটি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এসময় হাসপাতাল কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি তাদের সতর্কীকরণ নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে থাকা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মন্ত্রী হাসপাতালটির আইসিইউ, সিসিইউ, জরুরি বিভাগ পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা বিলের কপি যাচাই-বাছাই করেন।
মন্ত্রী জরুরি বিভাগে গিয়ে দেখেন, সেখানে কোনো চিকিৎসক নেই। মন্ত্রী আসার খবরে একজন চিকিৎসক ছুটে এলেও তার ইউনিফর্ম ছিল না। হাসপাতালের ভেতর অক্সিজেনের সিলিন্ডারও ছিল খালি।
তিনি বলেন, ‘একজন রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও সেখানে ছিলনা। আরও নানা অসঙ্গতি দেখা গেছে। সিটিস্ক্যানের বিল যাচাই করে দেখা গেছে, দুজন রোগীর কাছ থেকে ভিন্ন অঙ্কের টাকা আদায় করা হয়েছে। এসব বিষয়ে হাসপাতালটির কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি। ফলে মন্ত্রী মহোদয় অসন্তোষ প্রকাশ করেছেন।’
অভিযানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসাইন মো. মইনুল আহসান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার আহমদ, সহকারী পরিচালক সুমন বড়ুয়া, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি প্রমুখ।
এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সকালে পতেঙ্গায় নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের সদর দপ্তরে সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করে নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে গিয়ে সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। রাতে হোটেল রেডিসনে চট্টগ্রাম কার্ডিওলজি সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক হৃদরোগ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর।
শনিবার (৬ জুলাই) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প এলাকা ও চমেক হাসপাতাল পরিদর্শন করবেন। তিনি চমেক হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের কথা আছে মন্ত্রীর। বিকালে বিমানে চট্টগ্রাম ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী।