আইসিডিডিআরবির সেমিনার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১১:৪৪ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১২:১৩ পিএম
সেমিনারে বক্তব্য দেন ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলছিলাম, শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকায় থাকব, আর বাকি দিন সারা দেশের চিকিৎসাব্যবস্থা পরিদর্শন করব। আমি যদি উপজেলা, জেলার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালগুলো উন্নত করতে পারি, সেখানে যথাযথ চিকিৎসা হয় তাহলে ঢাকা শহরে রোগীর ভিড় হবে না। সাধারণ মানুষের যাতে উপকার হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। আইসিডিডিআরবি তার জ্বলন্ত প্রমাণ। তারা প্রশংসনীয়ভাবে গ্রামগঞ্জে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মহাখালীতে আইসিডিডিআরবিতে আইসিডিডিআরবি আয়োজিত ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে হলে গ্রামের স্বাস্থ্যসেবাব্যবস্থা উন্নত করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ারকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের সমস্যা থাকবে না।
আইসিডিডিআরবির প্রধান নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
সেমিনারে আইসিডিডিআরবির মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিভাগের ইমেরিটাস সায়েন্টিস্ট (সম্মানিত বিজ্ঞানী) ডা. জেনা দেরাখশানি হামাদানি একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে বলা হয়, ‘প্লে-বেইজড চাইল্ড রেয়ারিং প্রোগ্রামস’ শিশুদের জ্ঞানভিত্তিক, ভাষাগত, স্বাস্থ্যগত এবং আচরণগত বিকাশে সহায়তা করে। দেশের চার জেলার ২১ উপজেলার ৬১৩ কমিউনিটি ক্লিনিকে প্লে-বেইজড চাইল্ড রেয়ারিং প্রোগ্রামস বাস্তবায়ন করা হয়েছে। সেখানে দেখা গেছে, যে শিশুরা এ কর্মসূচির মধ্যে ছিল, তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হয়েছে। অন্যদিকে যেসব শিশু এ ধরনের কোনো সুবিধা পায়নি, তাদের বিকাশ ঋণাত্মক অবস্থায় রয়েছে।
আইসিডিডিআরবির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. শামস এল আরেফিন বলেন, আমাদের দেশে প্রতি বছর যত নারী মা হন, তার অর্ধেকই প্রথমবারের মতো সন্তানের জন্ম দেন। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠার প্রবণতা বেড়ে যাওয়ায় এ সময়টায় তারা পরিবারের সদস্যদের সাহায্য পান না। এ মায়েদের ঠিকমতো প্যারেন্টিংও করা হয় না।