× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই নবান্নে সেই নবান্ন

আনজীর লিটন

প্রকাশ : ১১ মিনিট আগে

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

প্রকৃতি আমাদের কত কিছু দেয়। আলো দেয়। বাতাস দেয়। বৃষ্টি দেয়। ফসল দেয়। প্রকৃতির ঋতু বদলের পালা পেরিয়ে আসে অগ্রহায়ণ মাস। এ মাসে কৃষকের ঘরে আসে নতুন ধান। নতুন ধান ঘরে তোলার আনন্দ আয়োজনÑ এই উৎসবের নাম নবান্ন উৎসব। 

নবান্ন মানে নতুন অন্ন। নতুন ফসল। নতুন ধান। নতুন চাল। আর এতসব নতুনের ভিড়ে কৃষকের মুখে ফোটে আনন্দের হাসি। খুশিতে নানারকম খাবারের আয়োজন চলে কৃষকের ঘরে ঘরে। নতুন চালের ভাত, পিঠা, পায়েসÑদারুণ খুশি ছড়িয়ে দেয় আমাদের অন্তরে। এ যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া অনন্য উপহার। এই উপহার পেয়ে বাঙালিরা বুক ভরা ভালোবাসা নিয়ে প্রকৃতিকে জানায় ধন্যবাদ। 

নবান্ন আমাদের মনে করিয়ে দেয়, এই উৎসব একা একা তৈরি হয়নি। এর পেছনে আছে কত কত মানুষের আন্তরিক ছোঁয়া। নবান্ন চিনিয়ে দেয় আমাদের কৃষকদের। মাটির প্রতি ভালোবাসা, কৃষকদের শ্রমকে সম্মান করা এবং নতুন ফসলের আনন্দ ভাগ করে নেওয়ার উৎসবের নামই নবান্ন। আর এই নবান্ন এলে মনে পড়ে সেই বোনের কথা। যে বোনটি আছে এখন শ্বশুরবাড়িতে। যে বোনটির জন্য কবিতার ছন্দে বলতে হয়Ñ

ধান পাকানো গন্ধে মাখা সূর্য ডোবা বিকেল 

আয় রে বুবু আয় 

তোর সে প্রিয় গাঁয় 

নবান্নেরই আলোর বানে 

তোকে যে মন চায়। 

মনে পড়ে? বিকেল বেলা ডাকত দূরের মাঠ 

গোল্লাছুটে দম 

সময় ছিল কম

পাশেই ছিল হাটের মানুষ

করত যে গমগম। 

মাঠের বুকে টুপটুপাটুপ মুক্তোদানা শিশির

ভিজিয়ে দিত ঘাস

পা ডুবিয়ে প্যাঁক প্যাঁক প্যাঁক

নবান্নেরই মাস। 

মনে পড়ে? নবান্নেরই ছন্দে তোলা দুপুর

চাল ধোয়া মা’র হাত

নতুন চালের ভাত

পিঠেপুলির নকশা আঁকায় 

কাটত খুশির রাত। 

সেই সে রাতে উঠোন জুড়ে চাঁদের আলোর হাসি 

হল্লা করা গান 

ভরিয়ে দিত প্রাণ 

বুবু রে তোর মনে পড়ে

সেই সে সুরের টান? 

বুবু গেছে শ্বশুরবাড়ি গান কি এখন গায়?

নবান্ন আজ ডাক দিয়েছে আয় রে বুবু আয়। 

         এই নবান্নে সেই নবান্ন/আনজীর লিটন 

আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত একটি চিত্রকর্মের নাম নবান্ন। জয়নুলের আঁকা নবান্ন ছবির দিকে তাকালে মনে হয়, ক্যানভাস জুড়ে ছড়িয়ে আছে সোনালি ধানের উৎসব। শিল্পী এসএম সুলতানের পেশিবহুল কৃষকের উজ্জ্বল মুখের ছবি আমাদের মনে করিয়ে দেয় গোলাভরা ধানের ফসলি আনন্দের কথা। পটুয়া কামরুল হাসান, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবীর মতো অনেক খ্যাতিমান চিত্রশিল্পী রঙ ছড়িয়ে এঁকেছেন নবান্নের ছবি। পাঠ্যপুস্তকের পাতায় নবান্ন উৎসবের ছবি দেখেছি শিল্পী হাশেম খানের তুলিতে। দুচোখ ভরে নবান্নের যে রূপ আমরা দেখতে পাই তা আঁকা হয়েছে পেন্সিলে, প্যাস্টেলে, জলরঙে এবং তৈলচিত্রে।

শুধু কি বড়রাই আঁকেন নবান্ন উৎসবের ছবি? না। আমাদের শিশু-কিশোরদের হাতেও আঁকা হয়ে থাকে সোনাঝরা বিকেলের নরম রোদের মতো ভেসে ওঠা নবান্নের ছবি। আঁকিয়ে শিশু-কিশোররা তাদের ড্রয়িং খাতায় কিংবা কার্টিজ পেপারে আগ্রহ নিয়ে আঁকে সোনালি ধানের মাঠ। মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরা কৃষকের দল। আঁকে ধান মাড়াইয়ের দৃশ্য, ঢেঁকিতে পাড় দেওয়া কিষানি বধূর ছবি, মাটির চুলা, পিঠা বানানোর উপকরণে সাজানো গ্রাম্য বাড়ির উঠান। যে যেমনই আঁকুক না কেন, এদেশের শিশু-কিশোরদের আঁকা নবান্নের ছবিতে মিশে আছে আনন্দ মাখানো রঙের উৎসব। কবি সুকান্ত ভট্টাচার্য তার ‘এই নবান্নে’ কবিতায় লিখেছেনÑ এই হেমন্তে কাটা হবে ধান/ আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান।

নতুন যুগের নতুন সময়ে আজ নবান্নের চেহারা পাল্টে গেছে। নবান্ন শুধু গ্রামের বটের ছায়ায় কিংবা নদীর পাড়ের কোনো হাটের মেলা নয়। নবান্ন উৎসব এখন উদযাপন করা হয় শহরেও। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়টুকুতে নবান্ন উদযাপনের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। গ্রাম থেকে আনা ঢেঁকিছাঁটা চাল আজ আর নেই। চাল চলে এসেছে সুদৃশ্য মোড়কে। শহরের কোনো বাসায় হয়তো মা প্যাকেট খুলে নতুন চালের পায়েস রান্না করছেন। গ্রামের বাড়ি থেকে হয়তো নানু পাঠিয়েছেন চালের গুঁড়ো। বাবা অফিস থেকে ফেরার পথে কিনে এনেছেন খেজুরের গুড়। আজকাল পিঠাপুলি রাস্তাঘাটেই বিক্রি করতে দেখা যায়। চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা পাওয়া যায় পিঠার দোকানে।

নবান্নের সঙ্গে পরিচিত হতে শুধু পায়েস পিঠার কথাই শেষ কথা নয়। আমাদের জানতে হবে একটি ভাতের দানা আমাদের খাবার প্লেটে পৌঁছাতে কত কত মানুষের শ্রম জড়িয়ে থাকে। প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে কৃষকরা আমাদের খাদ্যের জোগান দেন। তাই খাদ্যের অপচয় না করা এবং প্রকৃতিকে ভালোবাসা নবান্নের শিক্ষা। এই অনুভূতি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা ভালোবেসে বহন করে নেব ভবিষ্যতের পথে। মনে রাখব নবান্ন শুধু খাবারের উৎসব নয়। রঙিন সাজে নাচ আর গানের উৎসব নয়। নবান্ন আমাদের পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি তৈরি করে। নবান্ন, তোমাকে জানাই ধন্যবাদ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা