জহিরুল ইসলাম
প্রকাশ : ১৪ মিনিট আগে
গভীর সাগরতল যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা আরেক অজানা জগৎ। সেখানে রয়েছে অদ্ভুত সব প্রাণী এবং মানুষের অজানা অসংখ্য প্রাকৃতিক বিস্ময়। আগামী দিনে সমুদ্রের গভীরে অনুসন্ধানে হয়তো এমন সব রহস্য উন্মোচিত হবে, যা আমাদের কল্পনাকেও হার মানাবে।

জায়ান্ট স্কুইড
জায়ান্ট বা দৈত্যাকার স্কুইড পৃথিবীর অন্যতম রহস্যময় সামুদ্রিক প্রাণী। এদের কিছু প্রজাতি ১০ থেকে ১৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের চোখ প্রাণিজগতের সবচেয়ে বড় চোখগুলোর মধ্যে অন্যতম। গভীর সমুদ্রে বসবাস করায় এদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনও অনেক কিছু জানতে পারেননি।

মারিয়ানা ট্রেঞ্চ
প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ বিজ্ঞানীদের জানামতে সমুদ্রের সবচেয়ে গভীর স্থান। এর গভীরতা প্রায় ১১ হাজার মিটার, যেখানে সূর্যের আলো পৌঁছয় না এবং পানির চাপ অত্যন্ত বেশি। এত প্রতিকূল পরিবেশেও সেখানে অদ্ভুত সব ক্ষুদ্র প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে।

অ্যাংলারফিশ
অ্যাংলারফিশ দেখতে বেশ ভয়ংকর। এর মাথার ওপর একটি আলোকিত অঙ্গ থাকে। এই আলো ব্যবহার করে এরা অন্ধকার সমুদ্রে শিকারকে আকৃষ্ট করে। গভীর সমুদ্রের অন্ধকারে বেঁচে থাকার জন্য এটি প্রকৃতির এক বিস্ময়কর অভিযোজন।

ভ্যাম্পায়ার স্কুইড
নাম ভ্যাম্পায়ার স্কুইড হলেও এটি রক্তচোষা কোনো প্রাণী নয়। এর গায়ের রঙ গাঢ় লাল বা কালো এবং শরীরের চারপাশে জালের মতো পর্দা রয়েছে। গভীর সমুদ্রের অক্সিজেনস্বল্প পরিবেশেও এরা সহজে বেঁচে থাকতে পারে।

ব্ল্যাক স্মোকার
সমুদ্রের গভীরে কিছু জায়গায় আগ্নেয়গিরির মতো দেখতে উষ্ণ পানির নির্গমনস্থল রয়েছে, যেগুলোকে ব্ল্যাক স্মোকার বলা হয়। এগুলো থেকে কালো ধোঁয়ার মতো এক ধরনের উচ্চ তাপমাত্রার খনিজসমৃদ্ধ পানি বের হয়। আশ্চর্যের বিষয়, এসব স্থানের আশপাশেও জীববৈচিত্র্যে ভরা এক বিশেষ বাস্তুতন্ত্র গড়ে ওঠে।

জায়ান্ট আইসোপড
জায়ান্ট আইসোপড দেখতে অনেকটা বিশাল আকৃতির পোকার মতো। এরা সাধারণত সমুদ্রের গভীর তলদেশে বসবাস করে এবং মৃত সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ খেয়ে বেঁচে থাকে। খাদ্য না পেলে দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা এদের অন্যতম বিস্ময়কর বৈশিষ্ট্য।

পলিমেটালিক নডিউল
সমুদ্রের গভীরে ছড়িয়ে রয়েছে আলুর মতো দেখতে অসংখ্য কালো পাথর, যেগুলোকে পলিমেটালিক নডিউল বলা হয়। এগুলোর মধ্যে ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট ও তামার মতো মূল্যবান ধাতু রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, এসব খনিজ ভবিষ্যতের প্রযুক্তি ও শিল্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ড্রাগনফিশ
ড্রাগনফিশ গভীর সমুদ্রের দেখতে ভয়ংকর এক শিকারি মাছ। এদের শরীরের বিশেষ আলোক উৎপাদনকারী অঙ্গ অন্ধকারে আলো তৈরি করতে পারে, যা শিকার ধরতে সাহায্য করে। কিছু প্রজাতি এমন আলোও তৈরি করতে পারে, যা মানুষের চোখে সরাসরি দৃশ্যমান নয়।
ব্রাইন পুল
সমুদ্রের তলদেশে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে অত্যন্ত লবণাক্ত পানি জমে ছোট হ্রদের মতো পরিবেশ তৈরি করে। এগুলোকে ব্রাইন পুল বলা হয়। সাধারণ সমুদ্রের পানির তুলনায় এদের ঘনত্ব অনেক বেশি। দেখতে পানির নিচে আরেকটি হ্রদের মতো মনে হলেও এর পরিবেশ এতটাই প্রতিকূল যে অনেক সামুদ্রিক প্রাণী এর সংস্পর্শে এলে মারা যেতে পারে।