× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপের বড়াই

ফারহানা মান্নান

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৩:২০ পিএম

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

সকাল সকাল পোকাপল্লীর উঠোনে আড্ডা বসেছে! 

ফড়ফড় ফড়িং তার পাতলা, স্বচ্ছ, জালের মতো ডানা নেড়ে বলল, ফড় ফড়... দেখেছ আমার ডানাগুলো কত সুন্দর! ফড় ফড় ফড়... রোদে কেমন ঝিকমিক করছে!

ঝিকমিক রত্নপোকাও চুপ করে থাকার পাত্র নয়। চকচকে ডানা মেলে বলল, দেখেছ আমার শরীর? কত রঙিন আর চকচকে! আর আমার মজবুত ডানার নিচেও আছে উড়ে বেড়ানোর ডানা!

রাঙামণি লেডিবাগও চুপ রইল না। গা দুলিয়ে বলল, আরেএএএ... তোমরা আমারটাও দেখো! কী সুন্দর টুকটুকে লাল রঙ! তার ওপর কালো কালো ফোঁটা! যেন লাল টুকটুকে নতুন জামা!

সবার কথা চুপচাপ শুনছিল শুঁয়োপোকা। ওদের কথা শুনে নিজের গায়ের দিকে তাকাল। একটু মন খারাপ হলো।

আহা! ওদের মতো আমার ডানা নেই কেন?

শুঁয়োর মুখে রা নেই দেখে রাঙামণি বলল, কী রে শুঁয়ো, তুই কিছু বলছিস না যে?

শুঁয়ো মুখখানা কিশমিশের মতো করে বলল, আহা! যেন তুই কিছুই বুঝতে পারছিস না! দেখতেই তো পাচ্ছিস, আমার ডানা নেই!

ঝিকমিক হেসে বলল, সত্যিই! তোর জন্য খুব খারাপ লাগে রে! ডানা থাকলে আমাদের মতো উড়ে বেড়াতিস!

ফড়ফড়ও চুপ রইল না।

আচ্ছা, সারা গায়ে এমন কাঁটার মতো খাড়া খাড়া লোম নিয়ে কী করে থাকিস বল তো? আমি তো ভাবতেই পারি না! সত্যি বিচ্ছিরি দেখতে!

কথা শেষ হতেই রাঙামণি ধমকে উঠল, আহ্! ঝিকমিক! ফড়ফড়! থামবি তোরা? ওর এমনিতেই মন খারাপ! তার ওপর তোরা এসব কী বলছিস? তোদের মন এত কঠিন কেন রে?

ফড়ফড় ডানা ঝাপটে বলল, আরে বাবা! সত্যি কথাও বলা যাবে না নাকি?

ঝিকমিক হেসে উঠল, হি হি! তাতে আবার রাগ করার কী আছে?

শুঁয়ো আর কিছু বলল না। মাথা নিচু করে ধীরে ধীরে পাতা বেয়ে চলে গেল।

পরদিন সকালেও পোকাপল্লীতে আড্ডা বসল। কিন্তু শুঁয়ো এলো না।

তার পরদিনও না।

রাঙামণি চিন্তিত হয়ে বলল, আচ্ছা, শুঁয়ো গেল কোথায়? দুদিন ধরে দেখছি না!

ফড়ফড় হেসে বলল, হয়তো লজ্জায় মুখ লুকিয়েছে! হি হি হি!

রাঙামণি রেগে বলল, তোর হাসি থামবে না?

তিনজন মিলে শুঁয়োকে খুঁজতে বেরোল।

পাতার ওপর খুঁজল। ডালের নিচে খুঁজল। ফুলের আড়ালেও উঁকি দিল।

কোথাও শুঁয়ো নেই!

হঠাৎ ঝিকমিক চেঁচিয়ে উঠল, এই যে! দেখ দেখ! পাতার নিচে ওটা কী ঝুলছে?

সবাই এগিয়ে গেল।

একটা অদ্ভুত গুটি ঝুলছে পাতার নিচে।

ফড়ফড় নাক সিটকে বলল, ইস! এটাও কী বিচ্ছিরি দেখতে!

রাঙামণি বলল, না জেনে কিছু বলিস না। চল, ওটাকে বিরক্ত না করি।

দিন যায়। রাত যায়।

একদিন সকালে পোকাপল্লীর উঠোনে হইচই পড়ে গেল!

ওই দেখ! ওই দেখ!

কী সুন্দর!

এমন রঙিন ডানা আগে কখনও দেখিনি!

পাতার নিচের গুটিটা ফেটে গেছে। সেখান থেকে বেরিয়ে এসেছে এক অপূর্ব সুন্দর প্রজাপতি!

তার ডানায় কত রঙ! কত নকশা!

ফড়ফড় অবাক হয়ে বলল, ওরে বাবা! তোমার ডানাগুলো তো আমার চেয়েও সুন্দর!

ঝিকমিক বলল, তুমি কে গো? আগে তো কখনও দেখিনি!

প্রজাপতি মুচকি হাসল।

আমাকে চিনতে পারছ না?

রাঙামণি ভালো করে তাকাল।

না তো! কে তুমি?

আমি শুঁয়ো!

কীইইই! শুঁয়ো?

তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল।

ফড়ফড়ের ডানা থেমে গেল। ঝিকমিকের মুখ হাঁ হয়ে রইল।

তুই... তুই সেই শুঁয়ো? যার ডানা ছিল না?

প্রজাপতি হেসে বলল, হ্যাঁ রে! আমি সেই শুঁয়ো। শুঁয়োপোকা থেকে গুটি, আর গুটি থেকে প্রজাপতি হওয়াই তো আমার জীবনচক্র!

ঝিকমিক মাথা নিচু করল।

আমরা তো এসব জানতামই না!

ফড়ফড় লজ্জায় বলল, না জেনেই তোকে কত কথা বলেছি! আমাদের মাফ করে দিস, শুঁয়ো।

রাঙামণি বলল, দেখলি তো! কাউকে না জেনে ছোট করতে নেই!

শুঁয়ো ডানা মেলে হাসল।

আরে! আমার ডানা হয়েছে বলে কি আমি বদলে গেছি? আমি তো সেই আগের শুঁয়োই আছি!

তারপর ডানা ঝাপটে উড়ে গেল ফুলের দিকে।

ফড়ফড় আর ঝিকমিক চুপচাপ তাকিয়ে রইল।

এতদিন যারা নিজেদের রূপ নিয়ে বড়াই করত, আজ তাদের মুখে আর কোনো বড়াই নেই!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা