× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক যে ছিল কাকাতুয়া

মশিউর রহমান

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১১:৪২ এএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

এক কৃষকের এক আজব কাকাতুয়া ছিল। পাখিটাকে যা শেখানো হতো, তাড়াতাড়ি তা শিখে নিত। গ্রামের লোক ভিড় করে দেখতে আসত পাখিটাকে। একটানা কথা বলতে পারত পাখিটা। তবে পাখিটাকে একটা কথা কিছুতেই শেখানো গেল না। কথাটা হলো, ‘আপনি দয়ালু, আপনি মহান।’ কৃষক অনেকদিন থেকে চেষ্টা করে যাচ্ছে পাখিটাকে ওই কথাটা শেখানোর জন্য। সব কথা সে পটপট করে শিখে নেয়। কিন্তু ওই কথাটা কেন যে শিখতে পারছে না কে জানে!
একদিন শহর থেকে এক ব্যবসায়ী এলো গ্রামে। গ্রামের লোকের মাধ্যমে জানতে পারল যে, এই গ্রামে এক আজব কাকাতুয়া আছে। ব্যবসায়ী লোকটা ওই কাকাতুয়াটা কিনতে চায়। সে কৃষকের কাছে গিয়ে কাকাতুয়াটাকে কেনার প্রস্তাব দিল। কৃষকের খুব টাকার দরকার। ব্যবসায়ীরও কাকাতুয়াকে খুব পছন্দ হয়েছে। কৃষক শেষমেশ কাকাতুয়াকে বেচে দিল। ব্যবসায়ীকে কৃষক বলল, কাকাতুয়াকে যা শেখানো হবে তাই শিখবে কিন্তু ‘আপনি দয়ালু, আপনি মহান’, এই কথাটা কিছুতেই শেখানো যাবে না।
শহরের ব্যবসায়ী পাখিটাকে তার বাড়িতে নিয়ে গিয়ে অনেক নতুন নতুন কথা শেখাল। তবে ওই কথাটা কিছুতেই শেখাতে পারল না। অন্যদিকে ব্যবসায়ী লোকটার পাখিটাকে ‘আপনি দয়ালু, আপনি মহান’ কথাটা শেখানোর জেদ চেপে গেল। এমনই জেদ চাপল যে, কাকাতুয়াকে ওই কথাটা শিখিয়েই ছাড়বে। কিন্তু কিছুতেই শেখাতে পারল না। একসময় লোকটার সহ্যের সব সীমা ছাড়িয়ে গেল। যখনই লোকটা বলে, ‘বল, আপনি দয়ালু, আপনি মহান’ তখনই কাকাতুয়াটা আর মুখ খোলে না। উল্টো খুব মনোযোগ দিয়ে ঝুঁটি নাড়িয়ে ছোলা খেতে থাকে। 
ব্যবসায়ী লোকটার মন খারাপ হয়ে যায়। সে ভেতরে ভেতরে ফুঁসে ওঠে। একসময় সে চেঁচিয়ে উঠে বলে, ‘আর কতদিন আপনি দয়ালু, আপনি মহান না বলিস তা আমি দেখে নেব। আজ সারা রাত তোকে মুরগির ছানাগুলোর সাথে থাকতে হবে। সকাল হওয়ার সাথে সাথে যদি কথাটা বলতে না শিখিস তো সারা জীবন ওদের সাথেই থাকতে হবে।’ লোকটা রেগেমেগে কাকাতুয়াটাকে খাঁচা থেকে বের করে মুরগির ঘরে ঢুকিয়ে দিল। ওখানে চারটা মুরগির ছানা ছিল। ছানাগুলো কেবল নাদুস-নুদুস হয়ে উঠছে।
পরদিন সকালে মুরগির ঘরের দরজা খুলে লোকটার চোখ ছানাবড়া! ঘরের মধ্যে তিনটি মুরগির ছানা মরে পড়ে রয়েছে। মনে মনে ভাবল, কাকাতুয়াকে শাস্তি দিতে গিয়ে সে কতবড় ভুল করে ফেলেছে। এখানেই শেষ নয়, কাকাতুয়া চতুর্থ মুরগির ছানাটাকে চোখ রাঙিয়ে বলছে, ‘বল, আপনি দয়ালু, আপনি মহান, না বললে বাকিদের মতো তোকেও মেরে ফেলব।’
লোকটা বুঝতে পারে, বাকি তিনটি মুরগির ছানাকে তাহলে কাকাতুয়াটাই মেরে ফেলেছে, ওরা তার শেখানো কথা বলেনি বলে।
তারপর বেশ কিছুক্ষণ কাকাতুয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে লোকটা মুচকি মুচকি হাসতে লাগল। মনে মনে ভাবল, কাকাতুয়াটাও এত বুদ্ধি রাখে! লোকটা বুঝতে পারল, ভয় দেখিয়ে আসলে নিজের প্রশংসা শোনার আশা করা ভুল! কেউ কাউকে প্রশংসা করে তখনই, যখন মনের ভেতর থেকে সে কথা আসে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা