টিকলির বিজ্ঞান ডায়েরি
রবিউল কমল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১২:৫৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
একদিন রাতে বাবার সঙ্গে বারান্দায় বসে আকাশ দেখছিল টুকলি। আকাশে চাঁদ উঠেছে। চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য তারা। টুকলি জিজ্ঞেস করল, ‘আচ্ছা বাবা, এত তারা কোথা থেকে এলো?’
বাবা বললেন, ‘এসবের উত্তর জানতে হলে মহাবিশ্বের জন্মের গল্প জানতে হবে।’
‘তা বলো দেখি শুনি।’
‘বিজ্ঞানীদের ধারণা, প্রায় ১৩৮০ কোটি বছর আগে মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল। আর এই শুরুর ঘটনাকে বলা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ।’
টুকলি অবাক হয়ে বলল, ‘বিগ ব্যাং! তার মানে খুব জোরে বিস্ফোরণ হয়েছিল? বোমা ফাটার মতো?’
বাবা হেসে বললেন, ‘শোনো মামণি, বিগ ব্যাং কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না। এটি ছিল মহাবিশ্বের দ্রুত প্রসারণের সূচনা। তখন আজকের মতো পৃথিবী, সূর্য কিংবা তারা কিছুই ছিল না।’
‘তা বেশ বেশ, তখন কী ছিল তাহলে?’
‘মহাবিশ্বের প্রথমদিকের অবস্থা ছিল অত্যন্ত উত্তপ্ত ও ঘন। এরপর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে মহাবিশ্বের তাপমাত্রা কমতে থাকে।’
টুকলি বলল, ‘একটু বুঝিয়ে বলো না, বাবা।’
বাবা একটা বেলুন এনে তাতে কয়েকটি বিন্দু আঁকলেন। তারপর বেলুনটি ফোলাতে শুরু করলেন। ‘দেখ, বেলুন ফুলছে। বিন্দুগুলোর মধ্যকার দূরত্বও বাড়ছে।’
টুকলি বেলুনটা হাতে নিয়ে বলল, ‘তাহলে বেলুনের ফোটাগুলো তারা। আর বিগ ব্যাংয়ের সময় সব তারা চারদিকে ছিটকে গিয়েছিল?’
‘না, তখন তো তারাই তৈরি হয়নি! বিগ ব্যাংয়ের শুরুর দিকে মহাবিশ্বে ছিল প্রচণ্ড তাপ ও শক্তি। সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হতে থাকে নানা ক্ষুদ্র কণা। প্রোটন ও নিউট্রনের মতো কণা থেকে কয়েক মিনিটের মধ্যেই হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা মৌলের নিউক্লিয়াস তৈরি হয়।’
‘নিউক্লিয়াস কী?’
‘পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। আর পরমাণু হলো পদার্থ তৈরির অতি ক্ষুদ্র একটি অংশ। তবে বিগ ব্যাংয়ের কয়েক মিনিটের মধ্যেই পুরো পরমাণু তৈরি হয়নি। মহাবিশ্বকে আরও ঠান্ডা হতে হয়েছিল। বিগ ব্যাংয়ের প্রায় ৩ লাখ ৮০ হাজার বছর পর মহাবিশ্ব এতটাই ঠান্ডা হলো যে, ইলেকট্রন ও নিউক্লিয়াস মিলে পরমাণু তৈরি করতে পারল। তখন আলো অনেকটা বাধাহীনভাবে চলতে শুরু করল। সেই সময়ের আলোর পরিবর্তিত রূপ আজও মহাকাশে ছড়িয়ে আছে।’
টুকলি চোখ বড় বড় করে বলল, ‘সেই আলো এখনও আছে?’
‘হ্যাঁ! বিজ্ঞানীরা একে বলেন মহাজাগতিক পটভূমি বিকিরণ। বিশেষ যন্ত্র দিয়ে তারা এই বিকিরণ শনাক্ত করেছেন। এটি বিগ ব্যাং তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ।’
টুকলি এবার জানতে চাইল, ‘তাহলে তারা ও সূর্য তৈরি হলো কখন?’
‘সেটা ঘটেছিল আরও অনেক পরে। মহাবিশ্বের গ্যাস ধীরে ধীরে এক জায়গায় জমতে লাগল। মাধ্যাকর্ষণের টানে গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে তৈরি করল প্রথমদিকের নক্ষত্রগুলো। অনেক নক্ষত্র মিলে গড়ে উঠল ছায়াপথ। এভাবেই মহাবিশ্বে নানা ধরনের বস্তু তৈরি হতে থাকে।’
‘আর আমাদের পৃথিবী?’
‘পৃথিবীর জন্ম হয়েছে প্রায় ৪৬০ কোটি বছর আগে। অর্থাৎ বিগ ব্যাংয়ের অনেক অনেক পরে। তখন মহাবিশ্বের বয়স ছিল প্রায় ৯২০ কোটি বছর।’
হঠাৎ তার মনে আরেকটি প্রশ্ন এলো। ‘বাবা, মহাবিশ্ব কি এখনও বড় হচ্ছে?’
‘হ্যাঁ। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। দূরের ছায়াপথগুলোর আলো পরীক্ষা করে বিজ্ঞানীরা এই প্রসারণের প্রমাণ পেয়েছেন। আর আশ্চর্যের কথা হলো, মহাবিশ্বের এই প্রসারণ এখন আরও দ্রুত হচ্ছে।’
‘বাহ! মহাবিশ্বের তো অনেক রহস্য!’
বাবা মাথা নাড়লেন। ‘ঠিক বলেছিস। বিজ্ঞানীরা এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন।’
টুকলি মনে মনে ঠিক করল, বড় হয়ে সে মহাকাশ নিয়ে পড়ালেখা করবে। হয়তো একদিন মহাবিশ্বের কোনো রহস্যের উত্তর সে-ই খুঁজে বের করবে।